সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। হাঁস, মুরগী থেকে শুরু করে বিড়ি, সিগারেট, সোনার গহনা ও নগদ টাকা চুরি হচ্ছে বলে জানা যাচ্ছে। পুলিশী টহল থাকা সত্ত্বেও চুরির ঘটনায় উদ্বিগ্ন শহরবাসি।
শহরের ইটাগাছা বাঙালের মোড় সংলগ্ন আবদুল খালেকের ছেলে বাবু জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে তার চায়ের দোকানে চুরি সংঘটিত হয়েছে। রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে কোন একসময় এ চুরির ঘটনা ঘটনা ঘটে। চোর চক্র তার দোকানের দরজা খুলে বড় বাক্সে রাখা চার হাজার টাকার সিগারেট ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। পাশের ফিরোজ আহমেদের দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ১৮ থেকে ২০ বছর বয়সী একজন নারীকে দোকানের দরজা খুলে চুরি করতে দেখা যায়। তার পরণে ছিল থ্রি-পিস।
এর আগে বুধবার (৩ জুলাই) রাতে একই এলাকার আমেনা খাতুন নামের এক নারীর বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গহনা চুরি হয়। ইটাগাছা পূর্বপাড়ার মরহুম সাদের মোড়লের কন্যা আমেনা খাতুন জানান, তার মেয়ের একটি একভরি ওজনের সোনার চেইন, দু'জোড়া সোনার কানের দুল, দু'টি সোনার আংটি, পায়ের নুপুর ও নগদ ৪৮ হাজার টাকা চুরি হয়েছে। আমেনা খাতুন আরও জানান, স্বামীর মৃত্যুর পর তিনি অতি কষ্টে দুই মেয়ের জন্য গহনাগুলো তৈরি করেছিলেন। গহনাগুলো চুরি হওয়ায় তিনি সর্বশান্ত হয়েছেন। এ ঘটনায় আমেনা খাতুন বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন বলে জানান।
এদিকে গত ২৩ জুন রাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা বাঙ্গালের মোড়ে অবস্থিত গরিব অসহায় আবদুল জলিলের চায়ের দোকানে কাঠের বাক্স ভেঙ্গে সিগারেটসহ কিছু খাদ্য সামগ্রী চুরি হয়। যার মূল্য প্রায় ৪ হাজার টাকা। এর আগে একই মোড়ে আরিকুলের চায়ের দোকান থেকে ৩ হাজার টাকা দামের একটি ব্যাটারি চুরি হয় বলে জানান স্থানীয়রা।
এর আগে ইটাগাছা পূর্বপাড়ার আশরাফ আলী কন্ট্রাক্টর ও ব্যবসায়ী ইয়াসির আজাদের বাড়ি থেকে একই রাতে পোষা কবুতর, হাঁস-মুরগী ও পোষা পাখি চুরির ঘটনা ঘটে।
সিরিজ চুরির ঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে বলে জানান এলাকাবাসি। এলাকাবাসী চুরি ঠেকাতে পুলিশী টহল জোরদার করার দাবি জানিয়েছেন পুলিশ সুপারের কাছে।