কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার ১৬টি নদ-নদীর পানি হ্রাস-বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়ে পড়ছে নতুন নতুন এলাকা। এতে করে পানিবন্দি হয়ে নানা দুর্ভোগে পড়েছে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ।
জেলায় ২য় দফা বন্যায় ইতোমধ্যে জেলার নাগেশ^রী, ভূরুঙ্গামারী, উলিপুর, চিলমারী, রাজারহাট, রৌমারী, রাজিবপুর এবং সদর উপজেলার প্রায় ২৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় ১৫ হাজার পরিবারের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্ট বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৫১ সেন্টিমিটার এবং হাতিয়া পয়েন্টে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলার পানিসেতু পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপৎসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপর দিকে, কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি,পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার এবং শিমুলবাড়ী পয়েন্টে ধরলার পানি সামান্য হ্রাস পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানি প্রবেশ করায় জেলায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার পানিতে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনদুর্ভোগ বেড়েই চলেছে। নদ-নদী তীরবর্তী চর ও নি¤œাঞ্চলের বসতভিটায় পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছে মানুষজন। অনেক পরিবার গবাদিপশুসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। এছাড়াও বন্যার পানিতে তলিয়ে গেছে, আমন বীজতলা, পাট ও মৌশুমী ফসলের ক্ষেত। এসব ক্ষেতের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। কাঁচা-পাকা সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এ অবস্থায় দুর্ভোগ বেড়েছে বানভাসিদের। পানিবন্দী হয়ে পড়েছে অন্ততঃ ১৫ হাজার পরিবারের ৫০ হাজার মানুষ।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের আবদুল হালিম বলেন, ‘ব্রহ্মপুত্রের পানি ঘরের চারপাশে আসছে। গবাদিপশু নিয়ে দুঃচিন্তায় আছি।’
উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুসার চরের মতিয়ার রহমান জানান, ওই চরের প্রতিটি বাড়ি পানিতে তলিয়ে গেছে। কেউ নৌকা, কেউ বা মাচা করে উঁচু স্থানে রয়েছে। সেখানকার প্রতিটা পরিবার খুব কষ্টে আছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান জানান, জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি আরও ৪৮ ঘন্টা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্রের পানি তিনটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যন্য নদ নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল হাই সরকার জানান, এখন পর্যন্ত বানভাসীদের জন্য ৯ উপজেলায় ১৭৩ মেট্রিক টন চাল ও ১০ লক্ষ টাকা বিতরণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। মজুত আছে ৬০০ মেট্রিক টন চাল ও ৩০ লাখ টাকা। যা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, বন্যা মোকাবিলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে। সরকারিভাবে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। বন্যার্তদের জন্য সরকারি সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।