কুড়িগ্রামর চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে ঈদ উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচীর বিপুল পরিমাণ সরকারি চাল জব্দের ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন (কারেন্ট) এবং সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু সহ চার জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফর রহমান বাদী হয়ে ঢুষমারা থানায় এই মামলা করেন। ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ জুন দুপুরে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের ৫ টি গোডাউন সদৃশ দোকানঘর থেকে প্লাস্টিকের বস্তা এবং সরকারি সিলযুক্ত পাটের বস্তায় রাখা প্রায় ২৭৯ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ। মঙ্গলবার মামলা নথিভুক্ত করার পর জব্দকৃত চাল থানা পুলিশের হেফাজতে দিয়েছে উপজেলা প্রশাসন।
মামলা সূত্রে জানা গেছে, কালোবাজারি ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান সহ চারজনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় অপর দুই আসামি হলেন বদিউজ্জামান ও জাহাঙ্গীর আলম। তারা চাল কেনা ও গুদামজাত করার কাজে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পিআইও লুৎফর রহমান বলেন, ‘চাল জব্দের ঘটনায় বর্তমান ও সাবেক চেয়ারম্যান সহ ৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অভিযুক্তদের কার কী ভূমিকা ছিল তা পুলিশ তদন্ত করে বের করবে’।
ওসি আবু সায়েম মিয়া বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। জব্দকৃত চাল থানায় নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে’।