নড়াইলে শূকর চরাতে গিয়ে বজ্রপাতে ৩ রাখালের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার মধ্যরাতে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (১ জুলাই) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাজেদুর রহমান।
স্থানীয়রা জানান, গত ২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়েছিলেন। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন, যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায় (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি (৫০)। আহত চিত্ত মালো একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ বিষয়ে ওসি (তদন্ত) সাজেদুর রহমান বলেন, ‘মরদেহগুলো উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’