পাবনার সুজানগরে একই রাতে পল্লী বিদ্যুৎ সমিতির ৩টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে ধানের স্কিমে দেওয়া বিদ্যুৎ সংযোগ লাইনের খুঁটি থেকে ওই ট্রান্সফরমার চুরি হয়। এতে ওই গ্রামের ৫টি স্কিমের আওতায় আবাদ করা হাজার হাজার বিঘা ধানের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, বেশ কয়েক বছর আগে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২’র আওতায় ওই গ্রামের ৫টি ধানের স্কিমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আর ওই বিদ্যুৎ সংযোগ লাইন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩টি সংযোগ খুঁটিতে ৩টি ট্রান্সফরমার স্থাপন করা হয়। ওইদিন রাতে কোন একসময় একটি সঙ্গবদ্ধ চোরের দল ট্রান্সফরমার ৩টি চুরি করে নিয়ে যায়। এতে ৫টি স্কিমের সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।