সদর উপজেলার টুঙ্গিবাড়িয়াসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি, অনিয়ম বন্ধ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার দাবীতে শনিবার সকাল দশটায় আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ পাওয়া গেছে।
টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা অভিযোগ করেন, সদর উপজেলার সাহেবেরহাট কবি নজরুল ক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি শুরুর পর পরই চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব আবদুর রহমান টিটুর নেতৃত্বে ২০/২৫ জনে মানববন্ধন কর্মসূচিতে হামলা চালায়। তারা আয়োজক ও অংশগ্রহণকারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে হামলা চালিয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পন্ড করে দিয়েছে।
মানববন্ধন কর্মসূচির সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবীব অভিযোগ করেন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিউর রহমানের মদদে মানববন্ধন কর্মকসূচিতে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, নাগরিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, সহ-সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল ইমরান, অধ্যাপক ফয়সাল খান, দপ্তর সম্পাদক শফিকুল আলম, মফিজুর রহমান কবির, হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মীর, আশরাফ আলী মীরসহ অনেকেই। অভিযোগের ব্যাপারে শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিউর রহমান বলেন, হামলার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।