নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরী থেকে প্রায় ১১০ টন নিষিদ্ধ ব্রিফার জি-৫ উদ্ধার করা হয়েছে। ২৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি বিভাগ, র্যাব-১৩, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত এসিআই কোম্পানির এসব বালাইনাশক জব্দ করা হয়। বিসিকের ওই গুদাম ভাড়ায় নিয়ে মোঃ মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি ওই কাজ করে আসছিল।
সূত্র জানায়, কার্বোফুরান নামের বালাইনাশকটি মানুষতো বটেই, বেশিরভাগ প্রাণীর জন্যই মারাত্মক ক্ষতিকর। ২০১৬ সালে জাতিসংঘ এটি নিষিদ্ধ করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়। এরপর এখন পর্যন্ত বিশ্বের ৮৭টি দেশ বালাইনাশকটি নিষিদ্ধ করেছে। গত বছরের জানুয়ারিতে ৮৮তম দেশ হিসেবে বাংলাদেশ এটি নিষিদ্ধ করে।
রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী, গত জুন ২০২৩ থেকে এটি আর ব্যবহার না করার সিদ্ধান্ত হয়। কিন্তু গত ৩১ জুলাই সরকারের বালাইনাশক বিষয়ক জাতীয় কারিগরি কমিটির (পিটাক) সভায় ৩০ অক্টোবর ২০২৩ পর্যন্ত কার্বোফুরান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।
এসব নিষিদ্ধ কীটনাশক ট্রাকযোগে যশোরে পাঠানো হচ্ছিল। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জব্দ করে। এটি ব্যবহার করলে মাজরা পোকাসহ উপকারী পোকা মারা যায়। সৈয়দপুরের শিল্পনগরীতে গুদামে রেখে দীর্ঘদিন থেকে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছিল এসব নিষিদ্ধ ঘোষিত বালাইনাশক।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূর-ই-আলম সিদ্দিকী বলেন, জব্দকৃত কার্বোফুরানের বাজারমূল্য কোটি টাকার ওপরে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত নিষিদ্ধ বালাইনাশক ওষুধ গুদামে রেখে সিলগালা করা হয়।