সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টার দিকে মৌতলা বাসস্ট্যান্ড সংলগ্ন জাহাজঘাটা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় এবাদুল শেখ (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি কালিগঞ্জ উপজেলার মুড়াগাছা গ্রামে আজিজ শেখের পুত্র।
প্রত্যক্ষদর্শী জিয়া জানান, কালিগঞ্জ হতে শ্যামনগরে আসার সময় জাহাজঘাটা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে মালবাহী ইঞ্জিনভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাজমুল নামে এক মোটরসাইকেল আরহী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।
অপরদিকে উপজেলা হরিনগর (ছোটভেটখালী) গ্রামে আলাহাজ¦ মোঃ আবদুস সাত্তার মোড়লের মৎস্য প্রজেক্টের পুকুরের পানিতে ডুবে অপু মন্ডল (২৫) নামে এক ঘের কর্মচারী মারা গেছেন। মঙ্গলবার রাতের কোন এক সময়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে থানা পুলিশ জানায়। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা থানার বারআড়িয়াগ্রামে হরেন্দ্রনাথ মন্ডলের পুত্র।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।