২০২২ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার কাছে হার। এরপর থেকে পরাজয় শব্দটি যেন ভুলে গেছে কলম্বিয়া। টানা ২৩ ম্যাচ অপরাজিত থেকে কোপা আমেরিকা অভিযান শুরুর অপেক্ষায় তারা। তবে দারুণ ছন্দে থাকলেও ফেভারিট তকমা নিতে চান না দলের কোচ নেস্তর লরেন্সো। টেক্সাসের হিউস্টনে এআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে কলম্বিয়া। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ব্রাজিল ও কোস্টা রিকা। গ্রুপের তিন দলের বিপক্ষেই সবশেষ ম্যাচে জিতেছে কলম্বিয়া। গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ দিনের ব্যবধানে তারা হারিয়েছিল ব্রাজিল ও প্যারাগুয়েকে। কোস্টা রিকার বিপক্ষে ২০১৮ সালে খেলা সবশেষ ম্যাচে তাদের জয় ৩-১ গোলে। শুধু এই তিন দলই নয়, অপরাজেয় পথচলায় গত ২৮ মাসের বেশি সময়ে তারা হারিয়েছে স্পেন ও জার্মানির মতো দলকেও। উরুগুয়ে, মেক্সিকোও পারেনি কলম্বিয়ার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে। স্বাভাবিকভাবেই কোপা আমেরিকায় যাত্রা শুরুর আগে শিরোপার দাবিদার হিসেবে আসছে কলম্বিয়ার নাম। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলটির কোচ সাফ জানিয়ে দিলেন, এই আলোচনায় একদমই আগ্রহ নেই তার। “এমন না যে আমরা রোমাঞ্চিত নই। আমরা রোমাঞ্চিত। তবে বিষয়টা হলো ফেভারিটরা প্রায় কখনোই জেতে না। তাই আমরা (ফেভারিট তকমায়) ভেসে যেতে চাই না। তাই আমরা একটি একটি করে ম্যাচ হিসেবে নিচ্ছি, বল ধরে খেলার কথা ভাবছি, এভাবেই আপনি জিততে পারেন।” “আমরা আক্রমণ করার চেষ্টা করব। প্রতিপক্ষ বাধা দিলেও আমরা মাঠে প্রধান চরিত্র হতে চাইব। আশা করি, খেলায় যখন আমরা দাপট দেখাতে পারব না, তখন আমরা নিজেদেরকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারব।” ২০২২ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেননি লরেন্সো। দলের প্রতিটি সাফল্যে সমর্থকদের উন্মাদনা দেখে আরও ভালো করার প্রেরণা পাওয়ার কথা বললেন তিনি। “আমরা একটি একটি করে ম্যাচ নিয়ে চিন্তা করছি। অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ভাবছি না। প্রক্রিয়াগুলো সবসময়ই ভিন্ন আর তুলনা করাটা জঘন্য।” “আমরা দেশের মানুষের মনে আনন্দ দিতে চাই। আমরা তাদের উচ্ছ্বসিত দেখি। এটি আমাদের অনুপ্রাণিত করে। এটি দেখে আমাদের খুশি লাগে যে মাঠ থেকে আমরা ভালো কিছু দিতে পারছি।”