চোট পেয়ে নাক ভাঙার পর প্রথমবার মাঠে নামলেন কিলিয়ান এমবাপে। মাস্ক পরেই খেলা প্রস্তুতি ম্যাচে দুটি গোলও করলেন ফ্রান্স অধিনায়ক। জার্মানির প্যাডারবন ক্লাব অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে ফ্রান্স। ত্রিশ মিনিট করে দুটি অর্ধে সাজানো ম্যাচের পুরোটাই মাস্ক পরে খেলেন এমবাপে। জোড়া গোলের সঙ্গে জোড়া অ্যাসিস্টও করেন তিনি। গত সোমবার ইউরো চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে নাকে চোট পান এমবাপে। পরে জানা যায়, ভেঙে গেছে নাকের হাড়। তবে ভাঙা হাড় নিয়েও তার খেলতে সমস্যা নেই বলে জানান দলের কোচ দিদিয়ে দেশম। অস্ট্রিয়া ম্যাচের পর দলের সঙ্গে দুটি সেশনে মাস্ক পরে অনুশীলন করেন এমবাপে। ধারণা করা হচ্ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচেও হয়তো দেখা যাবে তাকে। তবে গোলশূন্য ড্র হওয়া ম্যাচের পুরোটা বেঞ্চে বসেই কাটান সময়ের সেরা ফুটবলারদের একজন। এরপর প্যাডারবনে ফ্রান্সের ইউরো ক্যাম্পের কাছেই অবস্থিত স্থানীয় ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন এমবাপে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ অনেকটাই পরিষ্কার ফ্রান্সের। মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে তারা।