চলমান কোপা আমেরিকার পর ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এনদ্রিক। আন্তর্জাতিক ফুটবলে এরইমধ্যে নিজের সামর্থ্য দেখিয়েছেন তিনি। দেশের হয়ে প্রথম বড় টুর্নামেন্টে খেলার জন্য তর সইছে না ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় এনদ্রিকের। এনদ্রিক গেল মার্চে প্রীতি ম্যাচে গোল করেছেন ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে। তবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে কোস্টারিকার বিপক্ষে 'ডি' গ্রুপের ম্যাচে শুরুর একাদশে নাও থাকতে পারেন এনদ্রিক। এনদ্রিক বলেন, 'সবকিছু তার নিজস্ব সময়েই ঘটবে। সবকিছু ঈশ্বর ও প্রফেসর দরিভাল জুনিয়রের হাতে। তিনি অসাধারণ একজন কোচ। শুধু এনদ্রিক, ভিনিসিউস জুনিয়র বা রদ্রিগো নয়, পুরো দলের জন্যই সেরাটা তিনি করছেন। আমি মনে করি তিনি সঠিক কাজটাই করছেন।' ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, 'যা করতে পারি তা আমি করব। সেটা খেলেই হোক বা অন্যান্যের অনুপ্রেরণা দিয়েই হোক। মাঠের বাইরে টিম স্পিরিট বাড়িয়ে নিতে আমি সাহায্য করব। যখন দরিভাল আমাকে মাঠে নামাবেন, আমি প্রাণপণ চেষ্টা করবো।' কোপায় 'ডি' গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া।