ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে লাইসেন্স শাখার কর্মচারী হিসেবে মাষ্টার রোলে কর্মরত রয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রামের বাসিন্দা নাজমুল হাসান। চাকরির পর পরই যেন আলাদিনের চেড়াগ হাতে পেয়েছে নাজমুল। তার কর্মহীন বাবার নামে বিপুল পরিমাণ টাকা খরচ করে জমি ক্রয়, কোম্পানীর ডিলার শীপ নেওয়ার তথ্য মিলেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি নাজমুল হাসান তার বাবা জাহাঙ্গীর চোকদারের নামে গৌরনদী উপজেলার হেলিপ্যাড সংলগ্ন এলাকার জনৈক সাইদুর রহমানের কাছ থেকে প্রায় ৮৫ লাখ টাকায় ৩৭ শতক জমি ক্রয় করেছেন। এছাড়াও নিজ এলাকায় প্রায় ৩০ লাখ টাকার জমি ক্রয় করেছেন। ক্রয়কৃত জমিতে পাঁচতলা ভবন নির্মানের কাজ শুরু করেছেন। এমনকি তার বাবার নামে প্রায় ২০ লাখ টাকা জমা দিয়ে রুপচাদা তৈল কোম্পানীর ডিলারশীপ নিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দারা জানিয়েছেন, নাজমুল হাসান চাকরি নেওয়ার পর থেকে তার পরিবার আঙুল ফুলে কলাগাছ হয়েছে। এলাকার কেউ জমি বিক্রির নাম নিলেই নাজমুল ও তার বাবা চড়ামূল্যে দিয়ে জমি ক্রয় করেন। এলাকাবাসী মাষ্টার রোলে কর্মরত কর্মচারীর সম্পদের উৎস নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। এ ব্যাপারে দুদক কর্মকর্তাদের অনুসন্ধান করার জন্য তারা (এলাকাবাসী) জোর দাবি করেছেন।
এ বিষয়ে জানতে শনিবার দুপুরে পশ্চিম বেজহার গ্রামের নাজমুলের বাড়ি গিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার পর পরই তেড়ে আসে নাজমুলের দুলাভাই উজিরপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান নান্টু হালদার হত্যা মামলার আসামি মিথুন হাওলাদার ও নাজমুলের বাবা জাহাঙ্গীর চোকদারসহ পরিবারের সদস্যরা। তারা সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। সার্বিক বিষয়ে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে লাইসেন্স শাখার কর্মচারী হিসেবে মাষ্টার রোলে কর্মরত নাজমুল হাসানের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্যালিপ্যাড এলাকায় তার খালাতো ভাই জমি ক্রয় করে দিয়েছেন। তার খালাতো ভাইয়ের পরিচয় জানতে চাওয়া হলে তিনি (নাজমুল) ফোনের লাইন বিচ্ছিন্ন করে তার বন্ধ করে রাখেন।