পাবনার সুজানগরের নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান তার বিরুদ্ধে আনা ভিজিএফ'র ৬৫ বস্তা চাল আত্মসাতের মিথ্যা অভিযোগ অস্বীকার করে মানববন্ধন করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে নাজিরগঞ্জ ইউনিয়নের গোয়ারিয়া বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। জানা যায়, একটি কুচক্রী মহল গত রোববার ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ৬৫ বস্তা ভিজিএফ'র চাল আত্মসাৎ করেছে মর্মে এলাকায় মিথ্যা অপপ্রচার চালানোর পাশাপাশি বিষয়টি সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ গোয়ারিয়া বাজার এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ওই চাল পান এবং তা জব্দ করেন। তবে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ভিজিএফ'র চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে ওইদিন দুপুর ১টায় ওই মানববন্ধের আয়োজন করেন। মানববন্ধনে তিনি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে গুদামে চাল পেয়েছেন সেটি সরকার অনুমোদিত একটি বৈধ গুদাম। সেখানে সরকার প্রদেয় চালসহ বিভিন্ন রিলিফ মজুদ রেখে দরিদ্র ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা যে চাল জব্দ করেছেন তা ভিজিএফ'র অব্যয়িত চাল। ওইদিন ১৯৫ জন ভিজিএফ ভোগী ওই চাল না নেওয়ায় তা অব্যয়িত থেকে যায় এবং পরবর্তীতে তা বিতরণের জন্য সরকার অনুমোদিত ওই গুদামে মজুদ রাখা হয়। সরকার অনুমোদিত কোন গুদামে অবৈধ কোন চাল বা অন্য কোন রিলিফ মজুদ রাখার সুযোগ নেই। সুতরাং তার বিরুদ্ধে আনা ভিজিএফ'র চাল আত্মসাতের ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক।