রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী জামদানী গ্রামে ঈদ উপলক্ষে বাউল গানের আসরকে কেন্দ্র করে সংঘবদ্ধ জামাত শিবির চক্র বাড়িতে হামলা চালিয়ে একই পরিবারের ৭ জনসহ ১১ জনকে পিটিয়ে আহত করেছে। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এদের বেধড়ক পিটুনীর হাত থেকে রেহাই পায়নি ২ বছরের শিশুও। দিনে দুপুরে ওই গ্রামের আবদুল লতিবের বাড়িতে হামলা চালিয়ে তার ছেলে বাউল গানের আয়োজন মেহেদী হাসান (৩২) কে কুপিয়ে আহত করেছে। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মেহেদী হাসানসহ স্থানীয় কতিপয় যুবক জামদানী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের পরদিন বাউল গানের আসরের উদ্যোগে নেয়। এতে বাধা দেয় একই গ্রামের সামছুল হকের ছেলে শিবির নেতা সাইদুর রহমান। এ নিয়ে শুরুতেই বচসা হলেও পরে স্থানীয় সমাজপতিদের উপস্থিতিরে কারণে বাউল আসরে কোন প্রকার ঘট্টগোল হয়নি। পরদিন দুপুরে সংঘবদ্ধ শিবির নেতা সাইদুর রহমান, আবদুস সালাম, সাদ্দাম, তুহিনের নেতৃত্বে ৪০/৫০ জন যুবক সংঘবদ্ধভাবে আবদুল লতিবের বাড়িতে হামলা চালিয়ে মোট ১১ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে মেহেদী হাসানকে রংপুর মেডিকেলে তার বাবা আবদুল লতিব (৬০) মা মাফিয়ারা বেগম (৫০), বোন জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পলি (২০), ডলি (১৮), ময়না (১৬) সহ ৭ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে। খবর লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পারিদর্শন বা কাউকে গ্রেপ্তার করেনি। ওসি আনোয়ারুল ইসলাম বলেন-ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।