নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে কামলার টেক এলাকায় কিশোর গ্যাং এর হামলার জাহিদুল ইসলাম রিয়াজ (২০) নামের এক যুবক খুন হয়েছে। এ সময় শান্ত (২২) নামের আরেক যুবক আহত হয়। ঘটনাস্থল থেকে এলাকাবাসী হামলাকারী ঘাতক রিয়াজ (২৪) কে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটে রাত ৮ টার দিকে। বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ফুটবল খেলা পরবর্তী ছোট ভাই বড় ভাই দ্বন্দ্বের জেরে আটক রিয়াজের নেতৃত্বে জাহিদুল ইসলাম রিয়াজের উপর হামলা চালানো হয়। এতে চুরিকাঘাতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম রিয়াজের মৃত্যু হয়। এ সময় জাহিদুল ইসলাম রিয়াজকে বাঁচাতে গেলে শান্তকেও চুরিকাঘাত করে হামলাকারীরা। তার অবস্থাও আশংকাজনক। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা হামলার সঙ্গে জড়িত রিয়াজকে আটক করে। আটক রিয়াজ ওই এলাকার আলা বক্স ব্যাপারী বাড়ির বাসিন্দা। এখানে সে নানার বাড়িতে থাকে। তার আসল বাড়ি দুর্গাপুর ইউনিয়ন। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আনোয়ারুল ইসলাম। এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি জানিয়েছে।