অবশেষে বরিশালে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। গত মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় রিমালের পর দক্ষিণাঞ্চল ছিল বৃষ্টিহীন। দীর্ঘদিনেও বৃষ্টি না হওয়ায় তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠেছিলো বরিশালসহ উপকূলীয় অঞ্চলের জনজীবন।
বুধবার সকাল থেকে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠায় বিগত দিনের মত তেমন কোন গরমের প্রভাব দেখা যায়নি। বেলা বাড়ার সাথে সাথে আকাশ মেঘে ভারি হয়ে ওঠে। অবশেষে বেলা বারোটার দিকে মুষলধারে বৃষ্টির শুরু হয়। প্রায় ত্রিশ মিনিটের বৃষ্টিতেই নগরবাসীর মাঝে ক্ষনিকের স্বস্তি ফিরে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বুধবার বিকেল তিনটা) বরিশালের আকাশ মেঘাচ্ছনের পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সাথে বইছে হালকা শীতল বাতাস।