চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ছে আফগানিস্তান। নিশ্চিত করেছে সুপার এইট। পাশাপাশি চোট ধাক্কাও খেয়েছে। ছিটকে গেছেন অফস্পিনার মুজিব উর রহমান। তার জায়গায় এসেছেন ওপেনার হজরতউল্লাহ জাজাই। টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি এর অনুমোদনও দিয়েছে। মুজিবের ডান তর্জনীতে চোট থাকায় আফগানদের স্পিন বিভাগে শক্তি কমেছে। তার পরেও আফগান টিম ম্যানেজমেন্ট ব্যাটিং বিভাগে শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। মুজিবের এটা পুরোনো ইনজুরি। যে কারণে এই বছরের আইপিএলেও খেলতে পারেননি। উগান্ডার বিপক্ষে ওপেনিং ম্যাচে খেললেও চোটের কারণে বাকিগুলোতে খেলা হয়নি। এই স্কোয়াডে মুজিবের বদলি বোলার হিসেবে নূর আহমেদ আফগান স্কোয়াডে রয়েছেন। সর্বশেষ দুই ম্যাচে খেলেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দিন এক ওভার বল করলেও উইকেটশূন্য ছিলেন। তবে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১৪ রানে নিয়েছেন এক উইকেট। এরইমধ্যে সুপার এইট নিশ্চিত করা আফগানিস্তান খেলবে গ্রুপ ওয়ানে। সেখানে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া এবং সম্ভাব্য হিসেবে বাংলাদেশ।