প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে হত্যার জন্য এবার ঢাকা থেকে কিলার ভাড়া করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন ওই ইউপি চেয়ারম্যান।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু শনিবার সকালে অভিযোগ করে বলেন, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের শুরুতে আমাকে হত্যার জন্য প্রকাশ্যে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। একইদিন রাতে হাসপাতাল চত্বরে বসে মা, ভাই ও স্ত্রীর ওপর হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনে আমার সমর্থিত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর একই দলের পরাজিত প্রার্থী ক্ষিপ্ত হয়। এজন্য আমাকে হত্যার জন্য ঢাকা থেকে কিলার ভাড়া করা হয়েছে। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এ খবর পেয়ে বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহর জেষ্ঠ পুত্র সৈকত গুহ পিকলু বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।