আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির প্রথম দিনে শুক্রবার (১৪ জুন) পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮২ লাখ টাকা৷
শনিবার (১৫ জুন) সকালে পদ্মা সেতুর ব্যবস্থাপক (টোল) মো. আহমেদ আলী এ তথ্য জানান।
আহমেদ আলী বলেন, '১৪ জুন ২৪ ঘন্টায় পদ্মা সেতুতে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। যা থেকে সর্বমোট আয় হয়েছে ৪ কোটি ৮২ লাখ ১৭ হাজার ৪০০ টাকা।'
আহমেদ আলী আরও জানান, মাওয়া প্রান্ত থেকে সেতু পার হয় ২৮ হাজার ৮৯৬টি যানবাহন। যা থেকে নগদ টোল আদায় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা। এ ছাড়া বাকিতে সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারে টোল রয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে ১ হাজার ২শ' টাকা।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতু চালু হওয়ার পর প্রথম দিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন সেতু ব্যবহার করেছিল।