সদ্য সমাপ্ত জেলার গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলার ঘটনা থামছেই না। প্রতিদিনই বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, বাড়ি ঘরসহ ব্যবসায়ীক প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা অব্যাহত রয়েছে।
তারপরেও থানা পুলিশ রহস্যজনক কারণে অদ্যবর্ধি অভিযুক্তদের গ্রেপ্তার না করায় হামলাকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত রাতে বিজয়ী চেয়ারম্যানের সমর্থক উপজেলার বড় কসবা এলাকার মোশারেফ ফকিরের বাড়িতে পরাজিত প্রার্থীর সমর্থক কসবা এলাকার ইমাদ খান, রায়হান ফকির, কাওছার ফকির ও কাসেমবাদ এলাকার সোহান খানসহ ২০/৩০ জনে হামলা চালিয়েছে। এ সময় মোশারফ ফকিরের মেয়ে জামাতা মঈন বখতিয়ার আহত হওয়ার পাশাপাশি হামলাকারীরা দুই নারীর শ্লীলতাহানি ঘটিয়েছে।
একইদিন সকালে উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় বিজয়ী চেয়ারম্যানের সমর্থক মাইনউদ্দিন সরদারকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম এবং সেলিম সরদারকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। পরাজিত প্রার্থীর সমর্থক সজল, বাবুসহ ১০/১২ জনে হামলা চালিয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
অপরদিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক যুবলীগ নেতা ফরিদ বেপারী ও নুরুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে বিজয়ী প্রার্থীর সমর্থকদের লাঞ্চিতসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হচ্ছে।
বিজয়ী উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়া অভিযোগ করে বলেন, পরাজিত প্রার্থী হারিছুর রহমানের নির্দেশে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, যেখানেই হামলার খবর পাওয়া যাচ্ছে সেখানেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে।