আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমি ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ৮টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে খেলা অনুষ্ঠাত হয়। সেমিফাইনাল খেলায় ৮টি দল (ছাত্র ও ছাত্রী) অংশ নেয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ গ্রুপে (বালক) আনুলিয়া ইউনিয়নের নাংলা সপ্রাবি ও প্রতাপনগরের কুড়িকাহুনিয়া সপ্রাবি দল অংশ নেয় এবং ৩-১ গোলের ব্যবধানে কুড়িকাহুনিয়া জয়লাভ করে ফাইনালে উর্নীত হয়। একই গ্রুপের শোভনালী ইউনিয়নের কামালকাটি সপ্রাবি ও শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় সপ্রাবি দল মুখোমুখি হয় এবং মহিষকুড় ৩-০ গোলে জয়লাভ করে। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ গ্রুপে (বালিকা) দরগাহপুর ইউনিয়নের পঃ দরগাহপুর সপ্রাবি ও শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় সপ্রবি দল মুখোমুখি হয় এবং ৪-৩ গোলের ব্যবধানে পঃ দরগাহপুর বিজয়ী হয়। অপর খেলায় শোভনালী ইউনিয়নের বাঁকড়া সপ্রাবি ও আনুলিয়া সপ্রাবি দল মুখোমুখি হয় এবং ১-০ গোলের ব্যবধানে বাঁকড়া জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা পরিচালনা করেন ১৫ জন রেফারী। উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মনের সার্বিক ব্যবস্থাপনায় এইউইওবৃন্দ সার্বিক দায়িত্ব পালন করেন।