আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাঁড়িয়া বে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘূর্ণঝড়ে বিধ্বস্থ হওয়ায় ক্লাস পরিচালনা সম্পূর্ণ ভাবে বন্ধ হয়েগেছে।
২০১১ সালে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ এলাকার শিশুদের শিক্ষার আলোয় উদ্ভাসিত করার মহান মানসিকতা বুকে ধারণ করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। সেই থেকে শিক্ষা বঞ্চিত শিশুরা স্কুলে লেখাপড়া করার সুযোগ পেয়ে শিক্ষা গ্রহনে স্কুলে গমন শুরু করে। অভিভাকরা তাদের ছেলেমেয়েকে শিক্ষিত করতে সাগ্রহে স্কুলে পাঠিয়ে আসছেন। বিদ্যালয়টি টিনের বেড়া ও গোলপাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়। ৪ কক্ষ বিশিষ্ট ঘরে দুই শিফটে ক্লাস পরিচালনা করা হয়। ১৫০ জন শিক্ষার্থীকে ৪ জন শিক্ষক ভাল ভাবেই শিক্ষাদানের কাজ করছিলেন।
গত ২৭ মে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে বিদ্যালয়টি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। ফলে ২৮ মে থেকে বিদ্যালয়টির ক্লাস পরিচালনা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুজ্জামান ও প্রধান শিক্ষক মনোরঞ্জন মন্ডলসহ শিক্ষকমন্ডলী, কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকরা বিদ্যালয় গৃহটি দ্রুত ঠিক করে ক্লাস পরিচালনার জন্য চেষ্টা তদবীর চালিয়ে গেলেও এখনো তেমন কিছু করে উঠতে পারেননি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।