আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে স্বজনপ্রীতির মাধ্যমে প্রকৃত জেলেদের চাউল না দেওয়ার অভিযোগে কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দীপ এর বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (৭ জুন) বেলা ১১ টায় ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া বাজার সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হহয়।
ইউনিয়নের তেঁতুলিয়া, মিত্র তেঁতুলিয়া, মোকামখালী, টেকা, শাহনগর ও ঝিকরা গ্রামের শতাধিক জেলে ও মৎস্যজীবির অংশগ্রহণে স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমান মন্টুর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রকৃত মৎস্যজীবি গোলাম মোস্তফা, আজিজুল ইসলাম, রমজান সরদার, আফছার আলী গাজী, ইমান মোড়ল, শিরিনা গাজী প্রমুখ। বক্তারা বলেন, ইউনিয়নে মোট কার্ডধারী জেলের সংখ্যা ৪৪১ জন। এছাড়াও কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি প্রকৃত মৎস্যজীবি হলেও চেয়ারম্যান বাবু ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে তাদের কার্ড থেকে বঞ্চিত করা হয়েছে। এদের মধ্যে তেঁতুলিয়া গ্রামের গোলাম মোস্তফা, আজিজুল, রমজান, আফছার, ইমান মোড়ল, জামেলা, গহর গাজী, কামরুল মোড়ল, লুৎফর রহমান, হামিদ গাজী, ফতেহ বেগম অন্যতম। এমনকি ঝিকরা গ্রামের রাজবংশী সম্প্রদায়ের কালিপদ মণ্ডলের ছেলে রমেশ ও রামপদ মণ্ডলের ছেলে পঞ্চানন মণ্ডলকেও কার্ড দেওয়া হয়নি। সেখানে দীপ চেয়ারম্যানের আপন ভাই বরুণ সরকারের নামেও জেলে কার্ড রয়েছে। সবিতা মণ্ডল, ময়না মণ্ডলসহ ক্ষত্রিয় সম্প্রদায়ের চেয়ারম্যানের বাড়িতেই কমপক্ষে ১৭ জনের নামে জেলে কার্ড রয়েছে।অপরদিকে কার্ড থেকেও মেজবার সরদার, সাইদ আলী, আলী মোড়ল, কামরুল মোড়ল সহ আরও অনেকে সরকারি চাউল বঞ্চিত হয়েছেন।
এবার ৩৮৮ জন জেলের নামে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ইউপি সদস্য ও স্থানীয় মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দের সাথে বসে সবাই মিলে চাউল ভাগাভাগি করে নিলেও আমাদের চেয়ারম্যান সে পথে না হেঁটে নিজের ইচ্ছে মত স্বজনদের মধ্যে চাউল বিতরণ করেছেন বলে বক্তারা দাবী করেন।চাউল বিতরণের আগে বিষয়টি ইউএনও রনি আলম নূরকে (সদ্য বিদায়ী) অবহিত করা হয়েছিল। তখন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার পরিষদে উপস্থিত হয়ে প্রকৃত জেলেদের মধ্যে চাউল বিতরণের প্রতিশ্রুতি দিলেও কার্যত তা হয়নি। তাই প্রকৃত জেলেদের মধ্যে পূণরায় চাউল বিতরণ ও প্রকৃত মৎস্যজীবিদের কার্ড প্রদান করে নতুন তালিকা প্রকাশ করার দাবি জানান ভূক্তভোগী মানববন্ধনকারীরা।