কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার স্লুইসগেট ফরিদা মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) সকাল ৯টায় মোটরসাইকেল ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলী হোসেন (৬৫) ঘটনা স্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী আলী হোসেন মেয়ের বাড়িতে যাওয়ার সময় ফায়ার সার্ভিস সংলগ্ন ফরিদা মার্কেটের সামনে ট্রাক্টর ও মোটরসাইকেলটি মুখোমুখি হয়। এতে মোটরসাইকেল আরোহী আলী হোসেন ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন। পরে লাশ রাজীবপুর ফায়ার সার্ভিস উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ আশিকুর রহমান পিপিএম বলেন, সকাল ৯টার দিকে রৌমারী থেকে ভদ্র লোক মোটরসাইকেল চালিয়ে আসছিলেন এর মধ্যে ইটের খোয়া বোঝাই একটি কাঁকড়া (ট্রাক্টর) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে বয়স্ক লোকটি ঘটনা স্থলেই মারা যায়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। আমরা সেই ঘাতক গাড়ি এবং ভিকটিমের যে মোটরসাইকেল থানায় রেখেছি। আসামি সনাক্তকরণ এবং আসামি ধরার জন্য পুলিশ তৎপর আছে।