সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আবদুস সাত্তারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) রাত ২টার দিকে উপজেলার ধলবাড়িয়া গ্রামে ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থিত বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
অ্যাডভোকেট শেখ আবদুস সাত্তারের সহোদর শেখ গোলাম মোস্তফা (৩০) জানান, বুধবার দিবাগত রাত ২ টার দিকে ৫/৬ জনের সশস্ত্র ডাকাত দল তার ভাইয়ের দোতলা বাড়ির নিচতলার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। নিচতলায় কেউ না থাকায় ডাকাতদল বাড়ির দোতলায় গেট ও ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ভাবী রিনা পারভীন (৪৮) ও ভাতিজা শেখ আসাদুজ্জামান বাবু (২৩)সহ পরিবারের সদস্যদের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে। এ সময় তারা বাড়ির সবার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের একটি ঘরে আটকে রেখে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা ও আনুমানিক ৭ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে নেয়। প্রায় ঘণ্টাব্যাপী লুটপাট চালানোর পর দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় বাড়ির সিসিটিভি’র মেমোরীকার্ড খুলে নিয়ে যায়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসার আগেই নিরাপদে চলে যায় ডাকাতদল। খবর পেয়ে রাতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে শেখ আসাদুজ্জামান বাবু বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে দুইবার নির্বাচিত চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আবদুস সাত্তার (৫৮) সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন।