আন্তর্জাতিক ফুটবলে অভিষেকটা রাঙাতে পেরে ভীষণ খুশি আইওসে পেরেস। অ্যান্ডোরার বিপক্ষে নিজে তো গোল করেছেন, সতীর্থের একটি গোলে অবদান রেখেছেন। স্পেনের হয়ে প্রথম ম্যাচে এমন পারফরম্যান্স উপহার দিয়ে এই ফরোয়ার্ডের মনে হচ্ছে, স্বপ্ন সত্যি হয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে শেষ প্রস্তুতি পর্বে বুধবার রাতে অ্যান্ডোরার বিপক্ষে ৫-০ গোলে জিতেছে স্প্যানিশরা। তাদের জয়ের নায়ক অবশ্য মিকেল ওইয়ারসাবাল। বিরতির পর বদলি হিসেবে নেমে হ্যাটট্রিক করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। কিন্তু সব আলোচনা পেরেসকে ঘিরে। ৩০ বছর বয়সে এসে যে স্পেনের হয়ে প্রথমবার খেলার সুযোগ পেয়েছেন তিনি। আর সেটাইকেই কাজে লাগাতে সক্ষম হয়েছেন এই ফুটবলার। ম্যাচে পেরেসের গোল থেকেই শুরুতে এগিয়ে যায় স্পেন। ২৪তম মিনিটে পাও কুবারসির হেড পাস পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে ওইয়ারসাবালের প্রথম গোলে অ্যাসিস্ট করেন রেয়াল বেতিসের এই ফরোয়ার্ড। লা লিগায় এবার বেতিসের হয়ে শেষ সাত ম্যাচে পাঁচ গোল করেন পেরেস। পারফরম্যান্সের ধারাবাহিকতা জাতীয় দলেও ধরে রাখতে পেরে উচ্ছ্বসিত এই ফুটবলার। “স্বপ্নের মতো ছিল অভিষেক। গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করতে পারাটা দারুণ ব্যাপার, আমি খুশিৃ।” “প্রতিটি অনুশীলন সেশনে এবং ম্যাচে আমি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি। এখন দলের জন্য সেরা সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্ব কোচের। এটা বিশেষ একটা সুযোগ। নেতিবাচক চিন্তাভাবনা কেবল লক্ষ্য থেকে আপনাকে দূরে সরাবে।” ম্যাচের শেষ গোলটি করেন ফেরনান তরেস। ৮১তম মিনিটে কোনাকুনি শটে বল জালে পাঠান বার্সেলোনা ফরোয়ার্ড। আগামীকাল শনিবার নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ফিফা র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা স্পেন। ইউরো অভিযান শুরু করার আগে এটাই তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। ইউরোর জন্য বর্তমান দলটি থেকে তিনজনকে বাদ দিতে হবে স্পেনের। কাউকেই বাদ দিতে নারাজ কোচ লুইস দে লা ফুয়েন্তে বললেন, সিদ্ধান্তটি নেওয়া বেশ কঠিন। “তিন জনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। যারা স্কোয়াডে আছেন, তারা দলের অংশ। সবাইকে রাখার পেছনে আমার যুক্তি আছেৃ।” “আইওসে ও অন্যান্যের এই মানের খেলা আমাকে অবাক করেনি। মানের বিবেচনায় আমি মনে করি এই দলটি ইউরোতে গুরুত্বপূর্ণ কিছু করতে পারে। খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে।” আগামী ১৫ জুন ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে স্পেন। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইতালি ও আলবেনিয়া।