ম্যানচেস্টার সিটি অ্যাসোসিয়েটেড পার্টি ট্রানজ্যাকশন (এপিটি) নিয়ম বাতিল চেয়ে প্রিমিয়ার লিগের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে। ক্লাবগুলাকে তাদের মালিকদের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর সাথে স্পন্সরশিপ চুক্তি বৃদ্ধি করা থেকে বিরত রাখা, ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে ২০২১ সালে এপিটি নিয়মগুলো চালু করেছিল। এপিটি নিয়মে বলা হয়েছে, ক্লাবের মালিকানার অংশীদার রয়েছে এমন কোনো সংস্থার সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করতে গেলে ইচ্ছামতো দাম বাড়িয়ে দেখানো যাবে না। সেই সংস্থার স্বচ্ছ বাণিজ্যিক মূল্য অনুসারে সেই চুক্তি হতে হবে। কৃত্রিমভাবে চুক্তির অর্থ বাড়ানো যাবে না। অতীতে এ ধরনের চুক্তির ক্ষেত্রে বিরাট অঙ্কের স্পন্সরশিপ মূল্য দেখানো হতো। কারণ তার বিরোধিতা করার কেউ ছিল না। এতে সেই সংস্থাগুলোরও লাভ হতো বাণিজ্যিকভাবে। প্রিমিয়ার লিগের নিয়মটি নিয়ে আপত্তি রয়েছে ম্যানচেস্টার সিটির। এই নিয়মের কারণে ক্লাবের ব্যবসা কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সিটির পক্ষ থেকে। সিটি ক্লাবটি আবুধাবির শাসক পরিবারের মালিকানাধীন এবং এর স্পন্সরগুলোর মধ্যে রয়েছে আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ। সূত্র : এপি