সাতক্ষীরার তালা উপজেলার বারুইহাটি গ্রামে জাম গাছ থেকে পড়ে সোয়েব গাজী (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর পুত্র। মঙ্গলবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে তালা উপজেলার বারুইহাটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোয়েব গাজী তালার জাতপুর টেকনিক্যাল এ- বিএম কলেজের ২য় বর্ষের ছাত্র। মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটি নামক স্থানে একটি জাম গাছে উঠেছিল জাম পাড়তে। এ সময় অসাবধানতা বশত জাম গাছে থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক ডা. প্রজ্ঞা লাবনী তুলি বলেন, হাসপাতালে আমি তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি। এদিকে কলেজ ছাত্রের মৃত্যুতে হাজরাকাটি এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম-পিপিএম, সোয়েব গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।