নীলফামারীর ডোমারে ব্যাক্তি মালিকানা জমিতে জোর পূর্বক স্থাপনা নির্মানের পায়তারা চালাচ্ছেন ডোমার সরকারী কলেজের অধ্যক্ষ বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ডোমার থানায় অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী ও ভুমি মালিক আফছারুল হক।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, ডোমার সরকারী কলেজের সীমানা প্রাচীর, ছাত্রী হোস্টেল, কলেজ গেট নির্মান সহ বিভিন্ন উন্নয়ন কর্মকা- চলমান রয়েছে। এরইমধ্যে সীমানা প্রাচীরের কাজ শেষ হয়েছে।
কলেজ এবং কলেজ সংলগ্ন ৩০ হাজার জনসংখ্যা অধ্যুষিত মহল্লার লোকজনের যাতায়াতের জন্য কলেজের সীমানা প্রাচীর সংলগ্ন আফছারুল হকের ব্যাক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে একটি রাস্তা রয়েছে। রাস্তাটির প্রবেশদ্বারে কলেজ গেট নির্মাণের জন্য অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান ঠিকাদারকে জায়গা নির্ধারণ করে দেন। পরে জমির মালিক পক্ষের বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ রাখেন। এর পরেও সেখানে গেট নির্মাণে কয়েক বার চেষ্টা চালায়।
এ ঘটনায় অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ দায়ের করেন জমির মালিক আফছারুল হক। অভিযোগের পরেও গতকাল আবারও গেট নির্মাণের চেষ্টা চালালে ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি মহসীন আলীর হস্তক্ষেপে ফিরে যান ঠিকাদারের লোকজন। কলেজ গেট নির্মাণের বিষয়ে কলেজ পাড়া গ্রামের বাসিন্দা মমিনুর রহমান লিথু, বাচ্চু মিয়া, রতন রায়, রফিকুল ইসলাম, কাজল ইসলাম, সাইফুল ইসলাম, দয়াল রহমান এবং মহিলা কাউন্সিলর শাহনাজ বেগম জানান, আমাদের কলেজপাড়া গ্রামে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। আমাদের জ্ঞান হওয়ার পর থেকে সকল মানুষজন এই রাস্তা দিয়ে চলাচল করে থাকি।
প্রয়াত এমএলএ শামসুল হক টগড়া তার ব্যাক্তি মালিকাধীন জমির উপর দিয়ে রাস্তাটি তৈরী করেন। রাস্তার উপর কলেজ গেট নির্মাণ করে আমাদের যাতায়াত বন্ধ করে দিতে চায় কলেজ অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। প্রয়োজনে আমরা আন্দোলনে নামবো। এ ব্যাপারে অভিযোগকারী আফছারুল হক জানান, বড় রাউতা মৌজার হাল ১২৩২নং খতিয়ানের হাল ৭৩৮৯ দাগে আমার ৭৬ শতাংশ জমি রয়েছে। ওই জমিনের পশ্চিম পাশ দিয়ে চলাচলের জন্য রাস্তা রয়েছে। সেখানে জোর করে অধ্যক্ষ কলেজ গেট নির্মাণ করে তার নিজ দখলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছেন।
ইতোমধ্যে তিনি কলেজের নামীয় জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে ঘিরে নিয়েছেন। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান জানান, কলেজের উন্নয়নে সরকার বরাদ্দ দিয়েছে। তিনি কাজ করতে না দিলে বিষয়টি আমি ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করবো।