গত ২৯মে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়। পরদিন ৩০মে বিকালে বিজয়ী ঘোড়ো প্রতীকের প্রার্থীর একনিষ্ঠ সমর্থক ও রাজনৈতিক সহযোগী ১২নং যুগীখালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হাসানের মদদে তার সহযোগীরা ওই ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও আনারস প্রতীকের সমর্থক অজিয়ার রহমানের উপরে বামনখালি বাজারে আকস্মিকভাবে হামলা করে।
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে কলারোয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে চেয়ারম্যান রবিউল হাসানকে আটক করে এবং সন্ধ্যার দিকে তাকে থানা থেকে ছেড়ে দেয়। এতে আনারসের সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে ও তারা থানার সামনে জড়ো হতে থাকে। একপর্যায়ে আনারস প্রতীকের প্রধান নির্বাচন সমন্বয়ক কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু উত্তেজিত কর্মী সমর্থকদের শান্ত করতে এগিয়ে আসেন।
কিন্তু সেখানে আগে থেকেই উপস্থিত থাকা পুলিশ সদস্যরা তার সাথে দুর্ব্যাবহার করে এবং অতর্কিতভাবে হামলা চালায়। এতে মজনু চৌধুরী আহত হন। এ সময় পুলিশের কবল থেকে পিতাকে বাঁচাতে এগিয়ে এলে মজনু চৌধুরীর ছেলে আরিফ চৌধুরীও মারধরের শিকার হন। মারধরের একপর্যায়ে পুলিশ সদস্যরা মজনু চৌধুরীকে থানার ভিতরে নিয়ে আটক করে রাখে। হামলার দায় থেকে নিজেদের রক্ষা করতে পুলিশ অভিনব এক নাটক সাজায়। তাদের ৪ পুলিশ সদস্য আনারসের সমর্থকদের হামলায় আহত হয়েছে এমন ভান করে তাদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু আহত মজনু চৌধুরীকে চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে থানায় আটকে রাখা হয়।
পরে সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কলারোয়া থানায় আসেন। পরবর্তীতে মজনু চৌধুরীকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে আহত মজনু চৌধুরী বলেন, যখন আমি নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করছিলাম তখন অতর্কিতভাবে পুলিশ কেন আমার উপর হামলা করল তা বুঝতে পারলাম না। তারা উদ্দেশ্যমূলক ভাবে আমার উপর হামলা চালিয়েছে। আমার উপর পুলিশের হামলা এবং তাদের আহত হওয়ার সাজানো নাটক সুষ্ঠু তদন্তের দাবী জানাচ্ছি।