ট্রেনে কাটা পড়ে মৃতের সংখ্যা দিনদিন বাড়ছেই। ট্রেন তার নিজস্ব পথেই চলে। সে পথ কোনো অবস্থায়ই মানুষের হেঁটে চলাচলের রাস্তা হতে পারে না। কিন্তু যত্রতত্র রেললাইন দিয়ে চলাফেরা, চলন্ত ট্রেনে সেলফি তোলা, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, রেললাইনের অংশ দখল করে স্থাপনা নির্মাণ, কাঁচাবাজার বসানো এবং অবৈধ রাস্তা তৈরি করে রেললাইন ঘেঁষে চলাচল করছে লোকজন। এ কারণেই ট্রেন দুর্ঘটনা বাড়ছে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ট্রেনে কাটা পড়ে ১ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে। ১ হাজার ১০৯ জন পুরুষ, ২৯৮ জন নারী। ২০২৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ট্রেনে কাটা পড়ে মৃতের মধ্যে হেডফোনের কারণে ৫৫, রেললাইনের ওপর বসা বা চলাচলে ৬৭৩, রেল ক্রসিংয়ে দ্রুত পারাপারের চেষ্টায় ৪৮৫, ট্রেনের ছাঁদ থেকে পড়ে ২৬ এবং অজ্ঞাত কারণে মারা যান ১৬৮ জন। বছরে সারা দেশে ট্রেনে কাটা পড়ে যে মৃত্যু হয়, তার বড় একটি অংশ হয় ঢাকা রেলওয়ে জেলাতেই। প্রতি বছর ঢাকা রেলওয়ে জেলায় ৪ শতাধিক লোক ট্রেনে কাটা পড়ে মারা যাচ্ছে। জানা গেছে, আশঙ্কাজনক হারে বেড়ে চলা এসব ট্রেন দুর্ঘটনায় প্রায়ই পরিচয় মিলছে না অনেকের। রেল বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনার আসল সংখ্যা এর চেয়ে বেশি। প্রতি বছর এ বিপুলসংখ্যক মৃত্যুর পরও রেললাইনগুলো ব্যবহার হচ্ছে হাঁটার পথ হিসেবে, অথচ এটি যে আইনত নিষিদ্ধ সে খবরও অনেকেই রাখেন না। রেলসংশ্লিষ্টরা বলছেন, ১৮৯০ সালের রেল আইনে রেললাইনের দুই পাশে ১০ ফুটের মধ্যে মানুষের চলাচল নিষিদ্ধ। এমনকি এর মধ্যে গরু-ছাগল ঢুকে পড়লে তা-ও নিলামে বিক্রি করে দেওয়ার ক্ষমতা রয়েছে রেল কর্তৃপক্ষের। ট্রেনে কাটা পড়ে কেউ আহত হলে উলটো ওই ব্যক্তির বিরুদ্ধেই মামলা করতে পারে রেলওয়ে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশের ইতিহাসে তেমন কোনো নজির নেই। কিন্তু এতসব কঠোর নিয়ম থাকার পরও প্রতি বছর ট্রেনে কাটা পড়ে অসংখ্য লোকের মৃত্যু হচ্ছে। দেশে ট্রেন দুর্ঘটনা বেশি হওয়ার প্রথম কারণ রেলক্রসিংয়ে নিরাপত্তা-ব্যবস্থা পর্যাপ্ত নয়। দুর্ঘটনা কেন হচ্ছে তার কারণ জানার কোনো চেষ্টা নেই সংশ্লিষ্টদের। কোনো জবাবদিহিও নেই। দুর্ঘটনা কমাতে হলে রেল ক্রসিংয়ে নিরাপত্তার পাশাপাশি লাইনম্যান ও জনবল বাড়াতে হবে। সচেতনতার অভাবেই ট্রেনে কাটা পড়ে লোকজন প্রাণ হারাচ্ছে। শুধু আইন দিয়ে নয়, সাধারণ মানুষ সচেতন হলে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু কমিয়ে আনা সম্ভব।