নগরীর সদর রোডের বিবির পুকুরে পরে যাওয়া জুতা তুলতে নেমে পানিতে ডুবে সাগর হাওলাদার (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে।
মৃত সাগর হাওলাদার নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সর্দার পাড়া এলাকার মন্নান সরদারের ভাড়াটিয়া ও পিরোজপুরের কাউখালী উপজেলার গুয়াটন এলাকার আজাদ হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সাখাওয়াত হোসেন জানান, বিবির পুকুরের দক্ষিণ পাশের ফোয়ারার সন্নিকটের দেয়ালের ওপর জুতা রেখে বিক্রি করে এক ভ্রাম্যমান বিক্রেতা। দেয়ালের ওপর থেকে একটি জুতা পুকুরে পরে যায়। ওই জুতা তুলতে পুকুরে নামে ভ্রাম্যমান বিক্রেতার কর্মচারী সাগর। জুতা নিয়ে সাতরে ঘাটের উদ্দেশ্যে আসার সময় সাগর ডুবে যায়।