মৎস্য ঘেরে তান্ডব চালিয়ে কোটি টাকা ক্ষতিগ্রস্ত করার মামলার প্রধান আসামি জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহফুজুর রহমান ইউপি চেয়ারম্যান ও অপর আসামি তার চাচাতো ভাই ইলিয়াস হাওলাদারকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান এজাহারের বরাত দিয়ে জানান, পশ্চিম সাতলা গ্রামের ইদ্রিস হাওলাদারের মাছের ঘেরে চাঁদার দাবিতে ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারের নির্দেশে তার ভাই ইলিয়াস ও আসাদের নেতৃত্বে হামলা চালায়। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের পর আসাদ হাওলাদারকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। জেল থেকে জামিনে বেরিয়ে ইউপি চেয়ারম্যানের সহযোগিদের নিয়ে আসাদ গত ১৬ মার্চ দিবাগত রাতে ইদ্রিস হাওলাদারের মৎস্য ঘেরে তান্ডব চালিয়ে মালামাল লুটপাটসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি করে। এ সময় গ্রামবাসী দুইজনকে আটকসহ একটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস জব্দ করে। এ ঘটনায় ইদ্রিস হাওলাদার বাদি হয়ে ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, তার ভাই আসাদ হাওলাদার ও ইলিয়াস হাওলাদারসহ অন্যান্যের আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
সূত্রমতে, ওই মামলায় ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেন। পরবর্তীতে বৃহস্পতিবার বরিশাল আদালতে আত্মসমর্পণ করার পর বিচারক তাকে জেলহাজতে প্রেরন করেন। এ খবর সাতলা ইউনিয়নে ছড়িয়ে পরলে ইউপি চেয়ারম্যানের নানাধরনের নির্যাতনের শিকার হওয়া ইউনিয়নবাসী মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেছেন।