জেলার গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, মফিজুল ইসলাম মিলন, রেজাউল করিম সিকদার ও মোঃ সলেমান হাওলাদার। এরমধ্যে তিনজন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ও দুইজন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে গত ২৭ এপ্রিল পদত্যাগ করেন। এরপর ৩০ এপ্রিল মেয়র পদটি শুন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে ১নম্বর প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান শামীমকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের চিঠি দেয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সম্প্রতি জেলার সিনিয়র নির্বাচন অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সি প্রথম শ্রেনীর গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন। এতে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ৩০ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জুন, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল ৩ জুন, আপীল নিস্পত্তি ৬ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ৯ জুন, প্রতীক বরাদ্দ ১০ জুন ও নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ২৬ জুন।