চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার উজিরপুর উপজেলা পরিষদের কাপ-পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবালের প্রকাশ্য সমর্থক ও কর্মীদের নির্বাচনী প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী আবদুল মজিদ সিকদার বাচ্চু রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচনে নিয়োগকৃত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের মধ্যে অনেকেই প্রতিদ্বন্ধী প্রার্থী হাফিজুর রহমান ইকবালের কাপ-পিরিচ মার্কার প্রকাশ্যে সমর্থক ও কর্মী। তারা কাপ পিরিচ মার্কার পক্ষে প্রচার-প্রচারনা ও বিভিন্ন উঠান বৈঠকে অংশগ্রহণ করে আপত্তিকর বক্তব্য রেখেছেন।
এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলো-কালবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আসাদুল হক বাচ্চু, হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক বঙ্কিম ঘোষ, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মনিরুজ্জামান মনির মৃধা, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রাজ্জাক মৃধা, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিউদ্দিন মৃধা, হারতা উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের প্রধানশিক্ষক বানী কান্ত মন্ডল, হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক মোস্তফা কামাল, হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম মৃধা।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ হাতে পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।