নদীবেষ্টিত জেলার মুলাদী সরকারি কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মুলাদী থানা পুলিশ বোমাগুলো উদ্ধারের পর নিস্কিয় করেছে।
প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপের মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন নাশকতার মাধ্যমে কেন্দ্র দখল করার জন্য দুর্বৃত্তরা কলেজের পরিত্যক্ত ভবনে হাতবোমাগুলো জড়ো করেছিল। কিন্তু শেষপর্যন্ত প্রশাসনের কঠোর অবস্থানের কারণে দুর্বৃত্তরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।
বৃহস্পতিবার সকালে হাতবোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া বলেন, গত ২৬ মে সন্ধ্যায় জনৈক এক ব্যক্তি মুলাদী সরকারি কলেজের পূর্বপাশের পরিত্যক্ত ভবনে তিন ব্যাগ হাতবোমা সদৃশ বস্তু দেখে থানা পুলিশকে খবর দেন। ওইদিন সন্ধ্যা ছয়টা থেকে ভবনটি পুলিশ পাহারায় রেখে ঢাকায় বোমা নিস্কিয় ইউনিটে সংবাদ দেওয়া হয়। ২৯ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বোমা নিস্কিয়করণ ইউনিটের উপপরিদর্শক মোঃ গোলাম মর্তুজার নেতৃত্বে চার সদস্যর দল ঘটনাস্থলে পৌঁছে। তারা তিনটি ব্যাগ থেকে ৩৭টি হাতবোমা উদ্ধার করার পর তা নিস্কিয় করা হয়েছে। ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি নাশকতা মামলা দায়ের করেছে। পুরো বিষয়টির গভীর তদন্ত চলছে বলেও ওসি উল্লেখ করেন।