চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার উজিরপুর, বানারীপাড়া ও বাবুগঞ্জ উপজেলায় একেবারে শেষসময়ের প্রচার-প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে প্রতিটি পাড়া-মহল্লাসহ উপজেলা সদরের হাট ও বাজার। প্রায় প্রতিদিনই রয়েছে এক প্রার্থীর বিরুদ্ধে অপর প্রার্থী ও তাদের সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগ।
খোঁজ নিয়ে জানা গেছে, উজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। তারা হলেন-মোটরসাইকেল মার্কার আলহাজ¦ আবদুল মজিদ সিকদার বাচ্চু, আবুল কালাম আজাদ বাদল-আনারস, হাফিজুর রহমান ইকবাল-কাপ পিরিচ ও সুখেন্দ্র শেখর বৈদ্য-দোয়াত কলম। এরমধ্যে মোটরসাইকেলের সাথে কাপ-পিরিচ মার্কার প্রতিদ্বন্ধীতা হওয়ার আভাস পাওয়া গেছে।
মোটরসাইকেল মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য পুনরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছি। সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সাধারণ মানুষকে সাথে নিয়ে সর্বদা নিরলসভাবে আমি কাজ করতে চাই। অভিযোগ করে তিনি বলেন, সংখ্যালঘু অধ্যুষিত উজিরপুর পৌর এলাকাসহ উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে প্রত্যন্ত হারতা, জল্লা, সাতলা, ওটরা ও শোলক ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওইসব ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোকে দখল করে এক চেয়ারম্যান প্রার্থী নানা ষড়যন্ত্র শুরু করেছেন। ইতোমধ্যে ওই প্রার্থীর সমর্থকরা প্রকাশ্যে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে আসছে। ফলে সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।