ঘূর্ণিঝড় রেমালে দক্ষিণাঞ্চলে প্রাণহানি ছাড়াও মৎস্য ও কৃষিখাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে বরিশাল বিভাগে কৃষি ও ফসলের ৭২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনার পাশাপাশি ঋণ প্রকল্প গ্রহণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে মন্ত্রণালয়ে।
মৎস্য অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, ঘূর্ণিঝড় রেমালে বরিশাল বিভাগে ৮৬ হাজার ৯৭৬টি মাছ চাষের পুকুর ও ছয় হাজার ৯০৬টি মাছের ঘের, ১২০টি কাঁকড়ার খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশি বরগুনায় ৪৬ হাজার ৯১২টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবচেয়ে বেশি পিরোজপুরে ১ হাজার ৮৯৫টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এতে করে ৭ হাজার ৯২ টন মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১৫০ কোটি টাকারও বেশি। এরমধ্যে পোনা মাছ ৬৯৬ টন, চিংড়ি ১৫৯ টন, কুচিয়া ও কাঁকড়া ৬৯ টন। তিনি আরও জানিয়েছেন, বিভাগে মোট ৩১ জন জেলে আহত হলেও কারও প্রাণহানি হয়নি। তবে ১ হাজার ১৯টি নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। যার অর্থমূল্যে সাড়ে তিন কোটি টাকারও বেশি। মাছ শিকারের জাল নষ্ট হয়েছে ২ কোটি ৩৪ লাখ টাকার। সবমিলিয়ে মৎস্য খাতে ২১৭ কোটি ২৯ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মাছচাষি ও মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে দীর্ঘক্ষণ ঝড়ের স্থায়িত্ব, জলোচ্ছাস ও বাতাসের প্রবলগতি। যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করে প্রান্তিক জেলে ও মৎস্য চাষীদের প্রত্যাশা মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলমান রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের তথ্য মতে, ঘূর্ণিঝড় রেমালে সবচেয়ে বেশি কৃষিখাতে প্রায় ৫০৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে শাকসবজিতে ২৫৭ কোটি টাকা ও পান বরজ নষ্ট হয়েছে ১১৭ কোটি ২১ লাখ টাকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় উপ-পরিচালক কৃষিবিদ শওকত ওসমান বলেন, বিভাগে ১৮ লাখ ৪৮১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৮ হাজার ২০৯ হেক্টর ফসলি জমির উৎপাদিত ২৫ শতাংশ ফসল নষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, আউশের বীজতলা, আউশ ক্ষেত, চীনা বাদাম, মরিচ, মুগ ডাল, তিল, শাকসবজি, পাট, পান, কলা, পেঁপে ও ফল ফসলের ১ লাখ ৬৯ হাজার ৭৬৭ টন নষ্ট হয়ে ১৩৫ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। ক্ষতির ধকল পুষিয়ে উঠতে চাষিদের সময় লাগবে। ঘূর্ণিঝড় পরবর্তী বীজতলা বা ফসলের ক্ষেত চাষ উপযোগী হতেও কয়েকদিন সময় লাগবে। বিলম্বে চাষ উপযোগী হলে সেটিও কৃষকের জন্য ক্ষতির কারণ। যে কারণে প্রান্তিক চাষিদের চাহিদার ওপর নির্ভর করে বেশ কিছু প্রস্তাবনা করা হচ্ছে। রেমালের কারণে গোটা বরিশাল বিভাগের ছয় জেলায় ১ লাখ ৮০ হাজার ৪৮১ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিএডিসি’র হাজার টন সার বিনষ্ট ॥ রেমালকে ভর করে ফুঁসে ওঠা কীর্তনখোলা নদীর জলোচ্ছ্বাসে বরিশালে বিএডিসি’র সার গুদামের প্রায় হাজার টন ইউরিয়া, ডিএপি, এমওপি ও টিএসপি সার বিনষ্ট হয়েছে। বরিশাল বন্দর সংলগ্ন কেডিসি গুদাম খ্যাত দুটি সুরক্ষিত সংরক্ষণাগারে জোয়ারের পানি প্রবেশ করে এসব সার বিনষ্ট করে। ক্ষতিগ্রস্ত সারের দাম প্রায় আড়াই কোটি টাকা। প্লবিত সারের মধ্যে প্রায় ছয়শ’ টন ইউরিয়া এবং অবশিষ্ট চারশ’ টনের মত নন ইউরয়া সার রয়েছে। বিএডিসি’র দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াল ঘূর্ণিঝড়সহ ২০০৭ সালের ১৫ নভেম্বর স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের তান্ডবের সময়ও বরিশালের এসব গুদামের সার সম্পূর্ণ সুরক্ষিত ছিলো। কিন্তু এবার রিমেলের ভয়াবহতা অতীতের সব রেকর্ড মুছে দিয়েছে। বিএডিসি’র উচ্চ পর্যায়ের একটি তদন্ত টিম ২৯ মে বরিশালে পৌঁছে ক্ষয়ক্ষতি নিরুপনসহ এর কারণ ও প্রতিকারের বিষয়ে তদন্ত করে সংস্থার ঊর্ধ্বতন মহল এবং কৃষি মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবেন।
হাঁস-মুরগীর ক্ষতি ॥ প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণে সৃষ্ট জলোচ্ছাসে জেলায় প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের গৃহপালিত হাঁস-মুরগী মৃত ও ভেসে গেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। সূত্রমতে, ঘূর্ণিঝড় রেমালে জেলার ১০ উপজেলায় মোট ৬ হাজার ৬৭৮টি হাঁস মৃত ও ভেসে গেছে। যার মোট মূল্য ২৫ লাখ ৩৭ হাজার ৬৪০ টাকা। অন্যদিকে ভেসে যাওয়া মুরগীর সংখ্যা মোট ৪১ হাজার ৩২২টি। এর মোট মূল্য ১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার ৯২০ টাকা। সবমিলিয়ে জেলায় মোট ১ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা মূল্যের গৃহপালিত পাখির মৃত্যু হয়েছে। ১০ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৮৫০ টি হাঁস মৃত ও ভেসে গেছে মেহেন্দিগঞ্জ উপজেলায়। ওই উপজেলায় ক্ষতি হয়েছে ১০ লাখ ৮৩ হাজার টাকার। অন্যদিকে সব চেয়ে বেশি ২৬ হাজার ৯৮০ টি মুরগী মৃত ও ভেসে গেছে উজিরপুর উপজেলায়। যার মূল্য ৯৭ লাখ ১২ হাজার আটশ’ টাকা। সবচেয়ে কম ১৬০ টি হাঁস ভেসে গেছে বরিশাল সদর উপজেলায়। যার মূল্য ৬০ হাজার আটশ’ টাকা। বাবুগঞ্জ উপজেলায় সর্বনিম্ন ৫৯৯ টি মুরগী মৃত ও ভেসে গেছে। যার মূল্য ২ লাখ ১৫ হাজার ৬৪০ টাকা।
পান চাষে ক্ষতি ৯৮ কোটি টাকা ॥ রেমালের প্রভাবে শুধু বরিশাল জেলায় পান চাষে ৯৮ কোটি ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি বরিশালের উপ-পরিচালক মোঃ মুরাদুল হাসান জানিয়েছেন, জেলায় ২ হাজার ৯৮৭ হেক্টর জমিতে পানের আবাদ রয়েছে। এরমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৭৯২ হেক্টর জমির পান। এখান থেকে ৮৯৬ হেক্টর জমির পান সম্পূর্ণ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। জেলায় প্রায় নয় হাজার পান চাষি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩৫ আড়তের কোটি টাকার চালের ক্ষতি ॥ রেমালের কারণে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যায় গোটা বরিশাল নগরী। যেসব জায়গায় বিগতদিনে পানি জমেনি, এবার সেই সবস্থানেও হাঁটু পানির নিচে ছিল। এই পানির কারণেই নগরীর লাইন রোড ও চাউল পট্টি এলাকার অন্তত ৩৫টি আড়তের কয়েকশ’ টন চাল ভিজে গেছে। পানিতে ভেজা চালের মধ্যে মিনিকেট, পাইজাম, স্বর্ণা, বুলেট, আটাশ, চিনিগুড়াসহ বিভিন্ন প্রকারের চাল রয়েছে। ব্যবসায়ীরা বলেছেন, ভিজে যাওয়া চাল মানুষের খাওয়ার কোনো উপায় নেই। দুয়েকদিনের মধ্যে মাছের খাবার হিসেবে চালগুলো কেউ নিতে পারে। এসব চালের মূল্য প্রায় কোটি টাকা। পানি নেমে যাওয়ার পর ব্যবসায়ীরা যে যার মতো করে বিভিন্ন জায়গায় চালগুলো শুকানোর চেষ্টা করছেন। তবে তাতে ২০ শতাংশ চালও উদ্ধার হয় কিনা সন্দেহ রয়েছে। পাশাপাশি চালের সাথে সাথে আটা, চিনি, ডাল ময়দাসহ অনেক ব্যবসায়ীর মুদি-মনোহরীর মালামাল পানিতে নষ্ট হয়ে গেছে। সব ব্যবসায়ীর মিলিয়ে প্রায় তিনশ’ টনের মতো চাল ভিজে গেছে।
উল্লেখ্য, গত ২৬ মে রাতে বরিশাল উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। এরপর টানা ১৭ ঘণ্টার বেশি সময় উপকূল ও বরিশাল বিভাগের স্থলভাগে তান্ডব চালায়। এতে ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। ঘরবাড়ি ভেঙেছে প্রায় ৮০ হাজারেরও বেশি। ক্ষতি হয়েছে বিপুল সম্পদের।