নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনা মিয়ার পুল এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে সাংবাদিক ফাহিম ফিরোজসহ সাতজনকে আহত করেছে। গুরুত্বর আহত সাংবাদিক ফাহিম ফিরোজসহ তিনজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বুধবার সকালে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত সাংবাদিক ফাহিম ফিরোজ দৈনিক মানবকন্ঠ পত্রিকার বরিশাল জেলা প্রতিনিধি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা। সাংবাদিকের চাচতো ভাই শাহীন হাওলাদার জানান, সোনা মিয়ার পুল এলাকার মৃত সোবাহান খলিফার ছেলে শিপন খলিফা ও শাহাদাতের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল মঙ্গলবার বিকেলে এ হামলা চালিয়েছে। হামলায় আহতরা হলেন, সাংবাদিক ফাহিম ফিরোজ, তার বড় ভাই মিঠু হাওলাদার, চাচতো ভাই শাহীন হাওলাদার, হাফিজ হাওলাদার, রিমন হাওলাদার, সিয়াম হাওলাদার ও সিএনজি চালক মামুন খলিফা।
বুধবার দুপুরে আহত সংবাদকর্মী ফাহিম ফিরোজ জানান, মঙ্গলবার বিকেলে বরিশাল থেকে তারা সিএনজিযোগে নিজ বাড়ি ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডস্থ সোনা মিয়ার পুল এলাকায় পৌঁছলে দেখতে পান রেমালের তান্ডবে সড়কের ওপর উপরে পরা একটি গাছ কেটে নিচ্ছেন কতিপয় লোকজন। এ সময় সংবাদকর্মী ফাহিম ফিরোজ জরুরী কাজ আছে তাই তাদের সিএনজিটি যেতে দেওয়ার অনুরোধ করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন শিপন খলিফা। তিনি সংবাদকর্মীর সাথে তর্কে জড়িয়ে পরেন। একপর্যায়ে লোকজন নিয়ে তিনি (শিপন) অতর্কিতভাবে হামলা চালায়। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলম চৌধুরী বলেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।