ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেমালের আঘাতে সুন্দরবনে মিষ্টি পানির পুকুর, রিংবাঁধ ও জেটি জলোচ্ছ্বাসে ভেসে গেছে। এ তথ্য সংশ্লিষ্ট বনবিভাগের। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে বলেন, সুন্দরবনে প্রাণি জগৎসহ বনজীবিদের মিষ্টি পানির চাহিদা মেটানোর জন্য ১৬টি পুকুর খনন করা হয়। ঝড়ের কারণে জলোচ্ছ্বাসে সমস্ত পুকুরগুলো লোনা পানিতে একাকার হয়ে গেছে। বনরক্ষী, পর্যটক ও বনজীবিদের উঠানামার জন্য ৮টি জেটি জোয়ারের পানিতে ভেসে গেছে। তাছাড়া বন বিভাগের নির্মিত অর্ধশতাধিক রিংবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১কোটি ৬লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসে নদীতে ভেসে আসা ৩টি হরিণ শাবক উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা শেষে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে তিনি জানান। তবে, রেমালের তান্ডবে সুন্দরবনে গাছপালা কি পরিমাণ ক্ষতি হয়েছে তিনি জানাতে পারেননি।