শ্যামনগরে আমদানি নিষিদ্ধ ৬লাখ টাকার ভারতীয় ওষুধ সহ নয়ন বিশ্বাস নামে এক চোরা কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে থানা পুলিশের উপপরিদর্শক হানিফ মুন্সীর নেতৃত্বে পুলিশদল ঘোলা ত্রিমোহনী ঘাট হতে ভারতীয় ওষুধ সহ তাকে আটক করে। আটক চোরাকারবারি সাতক্ষীরা সদরের রাজারবাগান কাটিয়া গ্রামে জয়দেব বিশ্বাসের পুত্র।
থানা সূত্রমতে, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ পাঁচারের খবর জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে নয়ন বিশ্বাস পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাকে আটক করে এবং ঘটনাস্থল তল্লাশি করে ৬লাখ টাকা মূল্যের ভারতীয় নিমোসুলাইন ও ডেক্সামেথাসন ট্যাবলেট সহ অন্যান্য ওষুধ জব্দ করা হয়।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক চোরাকারবারীকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।