প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে কানাডা। আগামী ১ জুন (স্থানীয় সময়) টুর্নামেন্টের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে দলটি। তার আগে ছাঁটাই হয়েছেন দলটির প্রধান কোচ পুবুদু দাসানায়াকে। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে লিখেছে, দাসানায়াকেকে নিয়ে কানাডার খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ ছিল। এ-সংক্রান্ত একটি চিঠি খেলোয়াড়েরা বোর্ডকে দিয়েছিলেন। যদিও চিঠিতে তাঁরা নিজেদের নাম উল্লেখ করেননি। এজন্য সিসিএর নবনির্বাচিত সহ-সভাপতি গুরদীপ ক্লেয়ার ৫৩ বছর বয়সী কোচকে দল ছাড়ার কথা মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন। স্থানীয় সময় আজ সন্ধ্যায় একটি বৈঠক ডেকেছে কানাডার ক্রিকেট বোর্ড। সভায় নানা বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হবে। এই সভায় নতুন কোচের নামও ঘোষণা করা হতে পারে। বিশ্বকাপ সামনে রেখে সেন্ট কিটসে প্রস্তুতি ম্যাচ খেলছে কানাডা।