বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রেমিক ছেলের কান্ডে পরিবারকে খেসারত দিতে হচ্ছে। স্কুল পড়ুয়া শিক্ষার্থী অপহরণ মামলায় বুধবার রাতে মামাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পিতা সহ পরিবারের লোকজন হয়রানির শিকার হচ্ছেন।
অপহৃত শিক্ষার্থী পরিবারের দাবি, অপহরণের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও অপহৃতা স্কুল শিক্ষার্থী ৩ দিনেও উদ্ধার হয়নি। লিখিত অভিযোগের পরও উদ্ধার না করে অভিযোগ তুলে নিতে থানা পুলিশের পরামর্শ। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে। শিক্ষার্থীর বড়ভাই মনির হোসেন বাদী হয়ে দুইজনের নাম ও অজ্ঞাতনামা ৪ জনকে উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার শহরটোক গ্রামের রশিদ সরকারের পুত্র মোঃ রাফি (২৩) ও লোহাদী গ্রামের মোঃ রফিকের পুত্র ফয়সালের (৩৫) নেতৃত্বে ৩/৪ জন ব্যক্তি দশম শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ওই শিক্ষার্থী স্থানীয় টোক সূর্যবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনির শিক্ষার্থী। ২০ মে বিকাল ৩টার দিকে বিদ্যালয় থেকে শহরটোক গ্রামের চাঁনখার বিল নামক স্থানের সড়ক থেকে মাইক্রোবাসে করে তাকে অপহরণ করা হয়।
শিক্ষার্থীর বড়ভাই মনির হোসেন বলেন, আমার ছোটবোনকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে প্রায় সময় মোঃ রাফি খারাপ কথাবার্তা বলে উত্ত্যাক্ত করতো। আমার বোন প্রতিবাদ করলে মোঃ রাফি আমার বোনকে জোর পূর্বক অপহরণ করার হুমকি দেয়। আমার বোন অপহরণের বিষয়টি আমাদেরকে জানায়। বোনকে সতর্ক ভাবে বিদ্যালয়ে যাওয়া আসার পরামর্শ দেই এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে তিনিও অপারগতা প্রকাশ করেন।
শিক্ষার্থীর আরেক বড়ভাই মোঃ ইমরান বলেন, আমার বোনের অপহরণের বিষয়টি নিয়ে প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানাই। পরে তিনি বিষয়টি কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলেন। ২২ মে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি পরামর্শ দেন, চার-পাঁচজন সাংবাদিক নিয়ে থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলার জন্য কেন তারা অভিযোগ আমলে নিচ্ছেন না এবং আমার বোনকে উদ্ধার করছেন না। ওই দিনই অপহরণকারী রাফির মামা ফয়সালের বিরুদ্ধে অভিযোগ উঠিয়ে নিলে আমার বোনকে ফেরত দিবে বলে জানায়। এই বিষয়টি টোক তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপপরিদর্শক সুজন রঞ্জন তালুকদার কে জানাই। তিনি বলেন, তাহলে আপনি মামলা উঠিয়ে নেন, মামলা উঠিয়ে নিলে যেহেতু আপনার বোনকে ফেরত দিবে তাহলে আপনি বলেন যে মামলা উঠিয়ে নিবেন। অপহরণের তিনদিন হলেও থানা পুলিশ আমার বোনকে উদ্ধার করতে পারেনি। বরং অভিযোগ তুলে নেয়ার পরামর্শ দিচ্ছেন। ইমরান আরো বলেন, গত বুধবার রাতে অভিযোগের দুই নম্বর আসামি ফয়সালকে পুলিশ আটক করেছে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান জানান, অপহরণকৃত শিক্ষার্থীর বড় ভাই মোবাইল ফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন। বিষয়টি নারী গঠিত তাই নারী ট্রাইব্যুনালে অভিযোগ করার জন্য পরামর্শ দিয়েছি এবং এই বিষয়টি নিয়ে কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
অভিযুক্ত রাফির পিতা রশিদ সরকার বলেন, আমার ছেলে রাফি উত্তরা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ে। ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে পালিয়ে গেছে। আমাদেরকে কিছু বলে যায়নি, আমরাও তাকে খুঁজছি।
স্থানীয় মাদ্রাসার শিক্ষক সামসুল হক রোকন জানান, ছেলে-মেয়ে উভয়ের পরিবার একই এলাকায় বসবাস করে। তাদের সবাই এলাকায় পরিচিত। তাদের প্রেমের সম্পর্ক লোকমুখে সবাই জানতো। ধারণা করা হচ্ছে তাদের নিজ সিদ্ধান্তেই তারা পালিয়েছে। এটা অপহরণের কোন ঘটনা না।
টোক তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপপরিদর্শক সুজন রঞ্জন তালুকদার বলেন, এই অপহরণের বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় তদন্ত করে মামলা দায়ের করা হবে।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর মিয়া জানান, অপহরণের ঘটনায় লিখিত অভিযোগে দুজনের নাম রয়েছে। অজ্ঞাত রয়েছে আরও তিন-চার জন। ইতোমধ্যে ছেলের মামা ফয়সালকে আটক করা হয়েছে। অভিযোগের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।