সদ্য অনুষ্ঠিত দ্বিতীয়ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নতুন প্রার্থীরা। বর্তমান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কেউ নির্বাচিত হতে পারেননি।
এরমধ্যে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দীন খসরু। তিনি প্রথমবারের মতো প্রতিদ্বন্ধীতায় নেমে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠুকে পরাজিত করেছেন।
বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণার পর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জহির উদ্দীন খসরু ছুটে যান পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিঠু খানের বাসায়। তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে একসাথে স্মার্ট মুলাদী উপজেলা গড়তে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিঠু খানের সহযোগিতা চেয়েছেন। তার (খসরু) এ উদার মানসিকতা পুরো জেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নদী বেষ্টিত ওই উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত মাকসুদা আক্তার শোভা লাঙল প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচনে নেমে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মোঃ অহিদুজ্জামান তালুকদার আনোয়ার বিগত নির্বাচনে পরাজিত হলেও এবার তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করা মোট সাতজন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী তারেক আহমদ খান মাত্র ১৩৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুস সালাম খান।