চতুর্থধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার উজিরপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কাপ-পিরিচ মার্কার প্রার্থী হাফিজুর রহমান ইকবাল সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। বুধবার (২২ মে) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাচনে ওই প্রার্থীর পোস্টার আঠা দিয়ে দেয়ালে, বৈদ্যুতিক খুঁটি ও ঘরের বেড়ায় সাটানো হয়েছে। উপজেলার ওটরা ইউনিয়নের যোগীরকান্দা থেকে মালিকান্দা এলাকায় এসব পোস্টার পাওয়া গেছে। যেকারণে প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পোস্টার নিজ খরচে উঠিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।