সুন্দর পৃথিবী মানুষকে আঁকড়ে রাখে দারুণ মায়াজালে। তাইতো সুস্থ্যভাবে সবাই বেঁচে থাকতে চায়। তেমনি বেঁচে থাকতে চান তরুণ শিক্ষক মোঃ মেহেদী হাসান। কিন্তু তার সেই চাওয়ায় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে মারাত্মক অসুস্থতা। মেহেদীর দুইটি কিডনিই বিকল।
ফলে তার বেঁচে থাকাটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। শরীর ও মন আর কিছুতেই যেন সাঁয় দিতে চায় না। তার সাথে রয়েছে চরম আর্থিক দৈন্যতা। মাঝে কিছুদিন খানিকটা ভালোবোধ করলেও অতিসম্প্রতি মেহেদী হাসান আবারও শারীরিকভাবে দুর্বল হয়ে পরেছেন। চিকিৎসকরা তাকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। আর এজন্য প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা। কিন্তু এ বিপুল পরিমাণ টাকা অসহায় মেহেদী ও তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পরেছে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা মেহেদী হাসান ছোটবেলা থেকে কারও বিপদ দেখলে নিজের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছেন। অথচ আজ তার নিজেরই সাহায্য প্রয়োজন। এজন্য তিনি হাত পেতেছেন সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও প্রধানমন্ত্রীর কাছে।
মেহেদী হাসান নিজ গ্রামে শিশুদের মাঝে আলো ছড়িয়ে দিতে দায়িত্ব নিয়েছিলেন একটি অটিজম স্কুলের। সুবিধাবঞ্চিত এসব শিশুদের মধ্যে তিনি নিজেকে খুঁজে নিয়েছিলেন। কিন্তু মরণঘাতী কিডনি রোগ তার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। যে বয়সে একজন তরুণের চোখে মুখে স্বপ্ন থাকে, সেই বয়সে তিনি বেঁচে থাকার চিকিৎসার জন্য বাংলাদেশ ও ভারতের হাসপাতালগুলোতে ছোটাছুটি করছেন। গত কয়েক বছরে এমন দৌঁড়ঝাপ করতে গিয়ে খুইয়েছেন নিজের সহায়-সম্বল সবটুকু।
এর আগে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪০ বার ডায়ালাইসিস করতে হয়েছে। ডায়ালাইসিসের শারীরিক ধকল তিনি আর নিতে পারছিলেন না। তাই বাধ্য হয়ে শরণাপন্ন হয়েছেন ভারতের চেন্নাইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের। সেখানে ডাক্তাররা সবকিছু দেখে শুনে পরীক্ষা-নিরীক্ষা করে ছয় মাসের ওষুধ দিয়েছেন। এভাবে ওষুধে ওষুধে কেটে যায় আরও দুই বছর। এ সময়টাতে অবস্থার কিছুটা উন্নতি হলেও বর্তমানে উচ্চরক্তচাপজনিত কারণে রক্তের ক্রিয়েটিনিন বিপদজনক মাত্রায় উঠেছে। ফলে বিপদ আসন্ন এটা বোঝা যাচ্ছে। তারপরেও তিনি হাল ছেড়ে দিতে চান না। বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যেতে চান। এজন্য সামার্থ অনুযায়ী তিনি হাত পেতেছেন সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও প্রধানমন্ত্রীর কাছে।
সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ মেহেদী হাসান, সঞ্চয়ী হিসাব নং-২০৫০৩৯২০২০০৮১৯৮০৯, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাকেরগঞ্জ, বরিশাল। ০১৭৫৪-৭৬৭৯৮২ (বিকাশ), ০১৫১৫-২৯২০৪৭ (নগদ)।