স্বপ্ন ছিল জাতীয় দলে খেলবেন। কিন্তু পিতার অভাবের সংসার তাকে আর সে পথে আগাতে দেয়নি। নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ না হলে এলাকার শতাধিক প্রতিভাবানকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ ক্রিকেট খেলোয়ার হিসেবে গড়ে তুলেছেন ইমরান খাঁন মুকুল নামে এক যুবক। নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছেন দেউতি ক্রিকেট একাডেমি। নিজে পারেননি, তাই অন্যেকে দিয়ে নিজের স্বপ্ন পূরণের গল্প বুনছেন এই যুবক।
রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের দেউতি গ্রামের আবদুল হামিদ ও বুলবুলি বেগমের ছেলে ইমরান খাঁন মুকুল। ২০১১ সাল থেকেই ক্রিকেটের প্রতি ঝোক তার। পড়ালেখার পাশাপাশি খেলা নিয়েই ব্যস্ত থাকতেন। স্বপ্ন দেখতেন একদিন বড় ক্রিকেটার হবেন। পিতা-মাতার অভাব তার সেই স্বপ্ন ধলিসাৎ করে দিলেও আশা ছাড়েন নি। ২০২২ সালে নিজের গোছানো টিম নিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার পর নিজ উদ্যোগে গড়ে তোলেন ‘দেউতি ক্রিকেট একাডেমি’। এরপর জীবিকার তাগিদে দেউতি স্কুল এ- কলেজে ল্যাব সহকারীর চাকুরীতে যোগদেন। তারপর এ কলেজের কয়েকজন ছাত্রকে নিয়মিত প্রশিক্ষণ দিতে থাকেন। ক্রিকেট প্রেমে একে একে বাড়তে থাকে তার প্রশিক্ষনার্থীর সংখ্যা। বর্তমানে তার কাছে ২০ জনের একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছেন। নিজের মেধা-শ্রম দিয়ে শতাধিক ক্রিকেট প্রেমীকে প্রশিক্ষণ দিলেও নেননি একটি টাকাও। সামান্য বেতনে চাকুরী করা এই যুবক ক্রিকেটের পিছনে প্রতি মাসে ব্যয় করেন ২ থেকে ৩ হাজার টাকা। এজন্য তিনি পিতা-মাতার কাছে পাগল মুকুল নামে পরিচিত।
সম্প্রতি সরেজমিনে পীরগাছা উপজেলার দেউতি পুরাতন মাঠে গিয়ে দেখা যায়, উঠতি বয়সের ১৫-২০ জন কিশোর-তরুণদের ক্রিকেটের বিভিন্ন কলাকৌশল শিখিয়ে দিচ্ছেন প্রশিক্ষক ইমরান খান মুকুল। মাঠের সীমানা প্রচীর নেই। গ্রামের খোলামেলা এই মাঠেই মুকুলের হাতে গড়া ক্রিকেট একাডেমিতে ব্যাট-বলে প্রশিক্ষণ নিচ্ছেন একঝাঁক কিশোর ও তরুণ। মাঠে রয়েছে নানা প্রতিবন্ধকতা। নেই জালে ঘেরা নেট, নেই পিচ ঢালা মাঠ। কারো গায়ে জার্সি নেই, নিজস্ব পোশাকেই মাঠে প্রশিক্ষণ নিচ্ছেন অনেকে। বল ছুটে লাগার কারণে অনেকে আবার উৎসাহ দেয়ার পরিবর্তে বাধা হয়ে দাঁড়িয়ে যান।
মাঠে অনুশীলন করা আব্দুল্লাহ আল-মাহমুদ আপন নামের এক খেলোয়াড় বলেন, আমার মাঝে যে প্রতিভা আছে, আমি জাতীয় দলে খেলতে পারবো। আমি এ পর্যন্ত অনেক জায়গায় খেলছি। ইন্টার স্কুল লিগ খেলছি। চেষ্টা করলে আমরাই একদিন মোস্তাফিজ, মিরাজের মতো খেলোয়াড়রা হতে পারবো।
সজিব আহমেদ নামে আরেক খেলোয়াড় বলেন, বয়স ভিত্তিক দলগুলোতে খেলে খেলে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলার স্বপ্ন দেখি। স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করছি, নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছি। এখন আমাদের একাডেমির জন্য পৃষ্টপোষকতা প্রয়োজন। আমরা অর্থের অভাবে আগাতে পারছি না। প্রতি মাসে একাডেমির ভাড়ার টাকা, কোন খেলোয়ার ইনজুরী হলে চিকিৎসা দেয়া সমস্যা হচ্ছে। সরকারি ভাবে আমাদের সহযোগিতা করলে আমরা আগামীতে ভালো কিছু করব ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠাতা ইমরান খান মুকুল বলেন, আমার এখানে যারা প্রাকটিস করছেন তাদের মধ্যে অনেকেই ক্রিকেট ভালো বোঝে। অনেক প্রতিভাবান খেলোয়ার আছে। আমার ক্রিকেটার হবার স্বপ্ন পূরণ হয়নি। অর্থাভাবে নিজেকে সেভাবে মেলে ধরার সুযোগ কাজে লাগাতে পারিনি। তবে গ্রামের ক্রিকেট অনুরাগী প্রতিভাবান খেলোয়াড়দেরকে মাঝে আমার স্বপ্নটা ছড়িয়ে দিতে চাই। আমার এই একাডেমির খেলোয়াড়দের এখন প্রয়োজন ঠিকে থাকার মতো সহায়তা।
একাডেমির খেলোয়াড় শিহাবুল ইসলাম পাভেল বলেন, ক্রিকেট তো অনেক ব্যয়বহুল খেলা। এটা শিখতেও অনেক কিছুর প্রয়োজন হয়। আমাদের একাডেমিতে বল-ব্যাটের সংকট রয়েছে। ভালো কোন নেট নেই, পিচের অবস্থাও তেমন ভালো না। তারপরও আমরা আশা ছাড়িনি।
জানতে চাইলে দেউতি স্কুল এ- কলেজের অধ্যক্ষ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এবিএম মিজানুর রহমান সাজু বলেন, তাদের সমস্যার বিষয়ে আমি জেলা ক্রীড়া সংস্থায় কথা বলেছি। আমি নিজের ব্যক্তিগত ভাবে তাদের পাশে থাকবো।
এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক সুমন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন ক্লাবে খেলার সামগ্রী দেয়া হচ্ছে। আমরা চেষ্টা কররো দেউতি ক্রিকেট একাডেমিতে সাহায্যে-সহযোগিতা করার।