দেশব্যাপী সব বয়সী মানুষের জীবনযাত্রা দুঃসহ করে তুলেছে সাম্প্রতিক তাপপ্রবাহ। শহর-গ্রাম, নারী-পুরুষ, ধনী-দরিদ্র সব পেশার ওপর চলমান এ তাপপ্রবাহ নেতিবাচক প্রভাব ফেলছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। হিট স্ট্রোকে অনেকের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকাও এই ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়েছিল। গত ২০ বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানিদের মতে, এভাবে চলতে থাকলে ২০৩০ সাল নাগাদ ঢাকা থাকবে বিশ্বের সর্বাধিক তাপপ্রবাহকবলিত শহরগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে। একটি গবেষণায় ঢাকার ২৫টি এলাকাকে চরম উষ্ণ এলাকা বা ‘হিট আইল্যান্ড’ হিসেবে চিহ্নিত করা হয়। অপর গবেষণায় বলা হয়, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, সবুজ এলাকা বা গাছপালা ও জলাশয় কমে যাওয়াকেও স্থানীয়ভাবে তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তা ছাড়া জনসংখ্যা বৃদ্ধি ও জীবনযাত্রার প্রণালী তাপ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। রান্না, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যানবাহন ও অন্যান্য উৎস থেকে ক্রমেই বেশি করে তাপ যুক্ত হচ্ছে পরিবেশে। সেই সঙ্গে অবাধে চলছে বৃক্ষ নিধন, প্রতিনিয়ত কমছে সবুজ আচ্ছাদন; অন্যদিকে বাড়ছে কেবল ইট-পাথরের স্থাপনা। ফলে পরিবেশ শীতল হওয়ার সুযোগই থাকছে না। এভাবে তাপমাত্রা বৃদ্ধি জনস্বাস্থ্যেও মারাত্মক প্রভাব ফেলছে। বিশ্বব্যাপী বসবাসযোগ্য নগরের যেসব তালিকা পাওয়া যায়, সেগুলোতে ঢাকার অবস্থান একেবারে তলানিতে। উল্টোভাবে বললে বলা যায়, বসবাস অযোগ্য বা নিকৃষ্টতম শহরগুলোর একটি হচ্ছে আমাদের এই রাজধানী শহর। এ থেকে ঢাকার উত্তরণ ঘটাতে তথা ঢাকার প্রায় সোয়া দুই কোটি মানুষকে রক্ষায় পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। নগর পরিকল্পনাবিদ, উদ্যানবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে রাজধানীর পরিবেশগত উন্নয়নে একটি মহাপরিকল্পনা তৈরি করতে হবে। ধীরে ধীরে সবুজ হারিয়ে ঢাকা হচ্ছে ‘মৃত নগরী’। তাই ঢাকার যেখানে যতটুকু জায়গা পাওয়া যায়, পরিকল্পিতভাবে ছোট-বড় নানা জাতের বৃক্ষ রোপণ করতে হবে এবং সেগুলো রক্ষার ব্যবস্থা করতে হবে। খাল, নদী, পুকুর ও জলাশয়গুলো রক্ষা করতে হবে। নদীর তীর বরাবর ওয়াকওয়ে ও সবুজের আচ্ছাদন তৈরি করতে হবে। ফুটপাত ও সড়কদ্বীপগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। বাড়ির আঙিনা ও ছাদে বাগান করাকে উৎসাহিত করতে হবে। দুই সিটি করপোরেশনকে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে এবং মানুষের আধিক্য কমাতে হবে। যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পোড়ানো থেকে বিরত থাকতে হবে এবং প্লাস্টিক বর্জ্যকে যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে এবং এর পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে।