মাস চারেক আগে হুট করে মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার সময়ই ইঙ্গিতটা দিয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ। অ্যানফিল্ডে প্রায় এক দশকের অধ্যায়ের ইতি টানার পর ফের একই কথা বললেন এই জার্মান কোচ। জানালেন, ভবিষ্যতে কোনো ক্লাবের ডাগআউটে আর নাও দেখা যেতে পারে তাকে। ইংলিশ ক্লাবটিতে শেষের কয়েক মাসে মানসিক চাপের পর এখন নিজেকে ‘শূন্য’ অনুভব করছেন তিনি। অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় হয়ে আসর শেষ করে লিভারপুল। দলটির কোচ হিসেবে ক্লপের ৪৯১তম ও শেষ ম্যাচ ছিল এটি। ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ। তিনি দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে দলটি। ২০১৮-১৯ মৌসুমে তারা জেতে চ্যাম্পিয়ন্স লিগ। ৩০ বছরের মধ্যে প্রথমবার লিগ শিরোপা ঘরে তোলে তারা ২০১৯-২০ মৌসুমে। সব মিলিয়ে ক্লপের কোচিংয়ে ৭টি বড় শিরোপা জেতে লিভারপুল। উলভারহ্যাম্পটন ম্যাচ দিয়ে লিভারপুলে ৯ বছরের অধ্যায়ের ইতি টানার পর ৫৬ বছর বয়সী ক্লপ বললেন, নতুন করে প্রাণশক্তি না পেলে ডাগআউটে ফিরবেন না তিনি। “ঠিক জানি না কেন কেউ বিশ্বাস করে না যে, আমি হয়তো আবার কোচ হব না। তবে আমি বিষয়টা বুঝতে পারি, কারণ এটা নেশার মতো, কারণ সবাই ফিরে আসে এবং বয়স ৭০ না হওয়া পর্যন্ত কাজ করে।” “আমার সবসময় মনে হয়েছে, আমি এতদিন কাজটা করব না। অন্যরা আরও স্মার্ট, তারা বিভিন্নভাবে কাজটা করতে পারে। আমার উদ্দীপনা দরকার, আমার প্রাণশক্তি দরকার, এইসব জিনিস আমার থাকতে হবে। এখন আমি শূন্য আছি।” আগামী সপ্তাহে লিভারপুলে সমর্থকদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর পরিবারসহ জার্মানিতে ফিরে যাবেন ক্লপ। তবে ভবিষ্যতে স্রফে দর্শক হিসেবে অ্যানফিল্ডে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ক্লপের উত্তরসূরি হিসেবে আগামী মৌসুমে লিভারপুলের দায়িত্ব নিতে যাচ্ছেন ডাচ কোচ আর্না স্লট।