তৃতীয় ধাপের জেলার গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ করেছেন অপর প্রার্থী।
সোমবার বিকেলে গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাপ-পিরিচ মার্কার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমি মনোনয়নপত্র দাখিল করার পর থেকে আমার জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্ধী মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে আসছে। ইতোমধ্যে আমার গণসংযোগে হামলা চালিয়ে আমার সমর্থক মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে। তিনি (হারিছ) স্থানীয় সংসদ সদস্যর মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে এলাকায় নানা প্রভাব বিস্তার করে আসছে। দলীয় কার্যালয়সহ উপজেলার আঞ্চলিক কার্যালয়গুলোকে দখল করে হারিছ নির্বাচনী ক্যাম্প পরিচালনা করে আসছে। সবশেষ সুপার এডিট করে আমার আপত্তিকর ভিডিও তৈরি করে হারিছুর রহমানের নির্দেশে তার কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এ ঘটনায় আমি সাইবার আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় গৌরনদী প্রতিনিধি নামের ফেসবুক আইডি থেকে ২ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিওটি পোস্ট করা হয়। এতে মনির হোসেন মিয়াকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। পরে এই ভিডিও প্রার্থী হারিছুর রহমানের একাধিক সমর্থকরা ফেসবুক আইডিতে শেয়ার করেন। এসব অভিযোগ অস্বীকার করে হারিছুর রহমান বলেন, মনিরের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার কথা শুনেছি। তবে মনিরের অভিযোগ সত্য নয়। এ ঘটনায় আমি এবং আমার সমর্থক কেউ জড়িত নই।
এ বিষয়ে গৌরনদী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী বলেন, সন্ত্রাসমুক্ত গৌরনদী গড়তে আমিসহ হারিছের আপন বড় ভাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চেয়ারম্যান প্রার্থী থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে মনির হোসেন মিয়াকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছি। মনির হোসেনের বিজয় নিশ্চিত জেনে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে ফেসবুকে ভিডিওটি ছড়ানো হয়েছে।